গ্যাস সংকটে আশুগঞ্জ কেন্দ্রে বিদ্যুত্ উত্পাদন কমেছে ৪শ মেগাওয়াট
সেলিম পারভেজ, আশুগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২৩:৩১
গ্যাস সংকটে গতকাল রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইটি সরকারি ও দুইটি বেসরকারি বিদ্যুত্ কেন্দ্রে উত্পাদন বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩, ৪ ও ৫ নম্বর ইউনিটসহ মোট ছয়টি ইউনিটে উত্পাদন অর্ধেকে নেমে এসেছে। বিদ্যুত্ বিভাগ সূত্রে জানা গেছে, সব মিলিয়ে উত্পাদন কমেছে প্রায় ৪০০ মেগাওয়াট। ঢাকাসহ সারা দেশেই কমবেশি এর প্রভাব অনুভূত হচ্ছে। লোডশেডিং বেড়ে গেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আলম জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কমপ্রেসার স্টেশনে কাজ চলছে। সে কারণে গতকাল শনিবার রাত থেকে আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের একটি লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পর্যায়ক্রমে দুইটি ইউনিট বন্ধ ও ছয়টি ইউনিটে উত্পাদন হ্রাস করা হয়েছে। গ্যাস সরবরাহ পেলে বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থার উন্নতি হবে। এছাড়া সার কারখানায় গ্যাস সরবরাহের কারণেও গ্যাসের চাপ কমে গেছে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আশুগঞ্জ মেনিফোল্ড স্টেশনের ব্যবস্থাপক আব্দুল মমিন জানান, গ্যাস কমপ্রেসার স্টেশনের কাজের জন্য বিদ্যুত্ কেন্দ্রে গ্যাস সরবরাহের একটি লাইন বন্ধ করা হয়েছে। কাজ শেষে বিদ্যুত্ কেন্দ্রে গ্যা্স সরবরাহ স্বাভাবিক হবে।
একই কারণে শনিবার রাতে বেসরকারি ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো পাওয়ার লিমিটেড ও ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার প্লান্টেও উত্পাদন বন্ধ করা হয়।