রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত বাকি শিক্ষকদের নিয়োগ দিন

বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ৯ ডিসেম্বর সরকার কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করে। ঐ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল উপজেলাভিত্তিক মেধাক্রমানুসারে নিয়োগ প্রদানের কথা। সে মতে ২০১১ সালের ৯ ডিসেম্বর সারাদেশে যথাযথ প্রক্রিয়ায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০১২ সালের এপ্রিল উপজেলা ভিত্তিক মেধাতালিকার সিরিয়াল অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে। কিন্তু মেধাতালিকার সিরিয়াল ভঙ্গ করে নিয়োগ দেওয়ার কারণে মেধাতালিকার প্রথম সিরিয়ালে থাকা সত্ত্বেও অনেকে নিয়োগ পাননি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা অন্যান্য সরকারি চাকরির মতোই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। একই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪২ হাজার প্রার্থীর মধ্যে ১৬ হাজার প্রার্থী নিয়োগ পেলেন। বাকি ২৬ হাজার প্রার্থী নিয়োগ পাবেন না এটা কোন নিয়ম? আমার প্রশ্ন হলো, ২৬ হাজার নির্বাচিত শিক্ষককে বঞ্চিত করে কেন জাতীয়করণ করা হলো? এঁদের অপরাধ কী? উপজেলাভিত্তিক মেধাক্রমানুসারে নিয়োগ দেওয়া হলো না কেন? মেধাতালিকার সিরিয়াল ভঙ্গ করা হলো কেন? প্যানেলভুক্ত ২৬ হাজার নির্বাচিত শিক্ষককে নিয়োগ দিয়ে জাতীয়করণ কি করা যেতো না? গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্যানেলভুক্ত শিক্ষকদের বিষয়ে কোনো দিক-নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়নি। দুর্ভাগা ২৬ হাজার প্যানেলভুক্ত শিক্ষকের মধ্যে এখন কাজ করছে চরম হাতাশা। এই হতাশা দূর করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. আজিজুল ইসলাম পশ্চিম সোনারায় ফার্মহাট, ডোমার নীলফামারী