সম্মানিত হওয়ার সুযোগ তিনি আমাদের দিয়েছিলেন
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২০:৪৭
একটা নতুন ভাবনা নিয়ে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের পরিকল্পনা আমরা করলাম। তত্কালীন সিটিসেলের ইন্তেখাব মাহমুদের সাথে যখন আলাপ হচ্ছিল তখন থেকেই স্পন্সরসহ আমাদের একটিই লক্ষ ছিল প্রথম আসরের আজীবন সম্মাননা এমন একজনকে দেওয়া হোক যাতে আমাদের শেকড় সংস্কৃতিকে সম্মান দেওয়া হয়। আমাদের প্রথম আসরের সেই মঞ্চেই তিনি যেভাবে বারবার বলছিলেন, ‘আমি গান করতে চাই, আমারে দিয়ে গান করান।’ কিংবদন্তি এই বয়াতীর মহাপ্রয়াণে সেই পুরোনো ফুটেজ দেখে সত্যিই আপ্লুত হয়ে যাই এখনও। এরপর মাঝে মাঝে তার খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব ছিল। কিন্তু অগণিত গান আর বাংলার সংগীত আকাশে তিনি যা দিয়ে গেছেন সেই প্রতিদানে আমরা তার জন্য কতটুকুই বা করতে পেরেছি। সবচেয়ে বড় কথা আমাদের সিসিএমএ আয়োজনকে একটি অন্যমাত্রায় নিয়ে যেতে তাকে আমরা সেই সম্মাননা দিয়ে নিজেরাও সম্মানিত হতে পেরেছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। লেখক : গণমাধ্যম ব্যক্তিত্ব