ভুরুঙ্গামারীতে ভাঙ্গনের মুখে সেতুর সংযোগ সড়ক

ভুরুঙ্গামারীতে দুকুমর নদের অব্যাহত ভাঙ্গনে ৯টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের যোগাযোগের একমাত্র রাস্তাটি ভাঙ্গনের মুখে পড়েছে। গত শনিবার উত্তেজিত এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের ২ প্রকৌশলীকে আটকে রাখে ৩ ঘণ্টা। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন। জানাগেছে, দুকুমর নদ দ্বারা বিচ্ছিন্ন নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কেদার, বর্লভের খাস, নুন খাওয়া ও নারায়ণপুর ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া, বঙ্গসোনাহাট, পাইকেরছড়া ও চরভুরুঙ্গামারী ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তা সোনাহাট সড়ক ও ঐ নদীর উপর নির্মিত রেলসেতু । সম্প্রতি দুধকুমর নদের ভাঙ্গনে সোনাহাট সেতুর পশ্চিমের সংযোগ সড়কটি ভাঙ্গনের কবলে পড়েছে। রাস্তাটি ভেঙ্গে গেলে সেতুটি বিচ্ছিন্ন হয়ে এলাকার প্রায় ১ লাখ মানুষ ভোগান্তিতে পড়বে। উল্লেখ্য, ভাঙ্গনস্থলে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু কাজ ধীর গতিতে চলার কারণে রাস্তাটি ভাঙ্গনের কবলে পড়ায় উত্তেজিত এলাকাবাসী কাজ দেখতে আসা পানি উন্নয়ন বোর্ডের এসডি খায়রুল আলম এবং এসও শহিদুল ইসলামকে শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আটকে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব ও ওসি মাহফুজুর রহমান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এসডি খারুল ইসলাম জানান, ভাঙ্গন ঠেকাতে তীরে বস্তা ফেলার উদ্যোগ নেয়া হবে।