দিনাজপুরে ৬২ জামায়াত শিবির নেতা-কর্মীর নামে গ্রেফতারি পরোয়ানা

জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার আইনের ২টি মামলায় ৬২ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। পলাতক ৬০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার আইন-শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুতবিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফতজ্জামান আনসারীর আদালতে গত ১ আগস্ট হাইকোর্ট কর্তৃক জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে খানসামা ও ঘোড়াঘাট উপজেলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সহিংসতা ও যানবাহন ভাংচুর-অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত ২টি মামলায় ৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। খানসামা থানা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান ওই উপজেলার ছাত্রশিবিরের সভাপতি মাসুদুর রহমানসহ ৩০ জন এবং ঘোড়াঘাট থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদি মাসুদ যুব শিবিরের সভাপতি আব্দুল মান্নানসহ ৩২ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে উক্ত চার্জশিট পেশ করে।