সোনাগাজীতে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:০৫
ফেনীর সোনাগাজীতে রবিবার ভোরে অস্ত্রসহ শেখ ফরিদ ওরফে দরদী (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কতিপয় সমর্থকসহ বাড়ির লোকজন পুলিশকে বাধা দেয়ার চেষ্টা করে। এতে দুই পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছে। তাকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনাগাজী থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি ডাক বাংলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও পূর্ব মির্জাপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে স্থানীয় মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ ফরিদ ওরফে দরদীকে পুলিশ রবিবার ভোরে বাড়ি থেকে দেশীয় শটগান ও শটগানের দুটি কার্তুজসহ গ্রেফতার করেছে। এসময় তার কতিপয় সমর্থক ও পরিবারের লোকজন পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এতে এসআই মোহাম্মদ উল্যাহ ও এএসআই আলমগীরসহ অন্তত ৫ জন আহত হয়েছে। সোনাগাজী থানার ওসি সুভাষচন্দ্র পালের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।