শুরুতেই মেসিদের হুঙ্কার

নতুন মৌসুমের শুরুতেই গর্জে উঠলো লিওনেল মেসিরা। লা লিগার শুরুতেই নিজেদের মাঠে লেভান্তের জালে গুনে গুনে সাতটা গোল দিলো নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে খেলতে নামা বার্সেলোনা। গত রবিবার কাতালানদেন এমন বিধ্বংসী রূপের দিনে জয় পেয়েছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির দল। একই দিনের অন্যান্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে সেভিয়াকে ও গ্রেনাডা ২-১ গোলে হারিয়েছে ওসাসুনাকে। লিওনেল মেসি ও পেড্রোর জোড়া গোলের পর বার্সেলোনা লেভান্তে ম্যাচে সবার দৃষ্টি ছিল এই ম্যাচ দিয়েই লা লিগায় অভিষেক হওয়া নেইমারের দিকে। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামা নেইমার কোন গোলের দেখা পাননি। নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে লেভান্তেকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে বার্সেলোনা। লেভান্তের জালে ছয়বার বল পাঠিয়ে ৬-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বার্সা। ফ্র্যাবিগাসের সহায়তায় ম্যাচের ৩ মিনিটে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন সানচেজ। আর এর নয় মিনিট পর পেড্রোর সাথে বোঝাপড়াটা দারুণভাবে করে ম্যাচের দ্বিতীয় গোল করেন বর্তমান ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয় গোলের ১১ মিনিট পরই একক প্রচেষ্টায় দারুণ গোল করে বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন ব্রাজিলের ডিফেন্ডার ড্যানি অ্যালভেস। এই গোলের রেশ কাটতে না কাটতেই ২৬ মিনিটে গোলের ব্যবধান আবারো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। লিওনেল মেসির যোগান দেয়া বল গোলে পরিণত করেন পেড্রো। ৪-০ গোলে এগিয়ে যাবার পরও আক্রমণের পর আক্রমণ করে লেভান্তের ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত করে রাখে বার্সেলোনা। ৪২ মিনিটে নিজেদের বিপদ সীমানায় বার্সার ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদ্রিয়ানোকে ফাউল করেন লেভান্তের ডিফেন্ডার পেড্রো লোপেজ। ফলে পেনাল্টি পায় বার্সা। আর সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। আর প্রথমার্ধ শেষ হবার অন্তিম মুর্হূতে লেভান্তের জালে হাফ-ডজন গোল পূর্ণ করেন স্পেনের মিডফিল্ডার জাভি। প্রথমার্ধের বিপর্যয় দ্বিতীয়ার্ধে কিছুটা কাটিয়ে উঠে লেভান্তে। এবার মাত্র একটা গোল হজম করতে হয় তাদের। ৭৩ মিনিটে সেই গোলটি করেন পেড্রো রড্রিগেজ। মৌসুমের শুরুটা দুর্দান্ত হওয়ায় দারুণ খুশী বার্সার আর্জেন্টাইন কোচ মার্টিনো, ‘যেভাবে অভিষেকটা চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। আমি দলের খেলার কৌশলে কোন পরিবর্তন আনতে চাইনি। ছেলেরা নিজেদের মতো করেই খেলেছে। দারুণ খেলেছে। প্রথম ম্যাচ তাই কিছুটা চাপ ছিল। দুর্দান্ত শুরু করাটাই প্রধান লক্ষ্য ছিল আমাদের। ঠিক তাই হয়েছে।’ অন্যদিকে একই দিনে জয় পেলেও বার্সেলোনার মতো সহজ ছিল না রিয়াল মাদ্রিদের লড়াই। ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে ব্যাকফুটে ঠেলে দেয় রিয়াল বেটিস। ১৪ মিনিটে গোল করে ম্যাচ লিড নেয় রিয়াল বেটিস। গোল করেন স্ট্রাইকার জরগা মলিনা। ২৬ মিনিটে মাদ্রিদের কপাল থেকে চিন্তার ভাঁজ দূর করেন ফ্রান্সের করিম বেনজামা। স্পেনের মিডফিল্ডার ইসকোর বাড়ানো বল থেকে গোল করে ম্যাচে সমতা আনেন বেনজামা। এরপর আর কোন গোল না হলে ১-১ সমতা নিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিস। ফলে ১-১ সমতা নিয়ে শেষের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচের গতিপথ। কিন্তু ম্যাচ শেষ হবার চার মিনিট আগে মার্সেলোর ক্রস থেকে মাথার কারুকাজে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে এগিয়ে দেন ইসকো। শেষ পর্যন্ত ঐ ব্যবধান ধরে রেখে কর্ষ্টাজিত জয় দিয়ে মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ।