বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের সুপারিশ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী যারা বিদেশে পলাতক রয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেইসাথে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সকল আসামির রায় কার্যকর করারও সুপারিশ করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মন্ত্রণালয় বলেছে, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করে চলেছে। এদিকে স্থায়ী কমিটির সার্বিক কার্যক্রমের ওপর প্রস্তুত করা রিপোর্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তুত করা রিপোর্টটি সূক্ষ্মভাবে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত করা হয়।
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, মো. নূরুল ইসলাম সুজন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ফজিলাতুন নেসা বাপ্পি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।