ব্রাহ্মণবাড়িয়ায় ৩ লক্ষাধিক টাকার গাছ কর্তন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধে অন্তত ১৫টি ফলদ ও কাঠ গাছ কর্তনসহ আনিছুর রহমান নামক একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। একই এলাকার নূর ইসলামসহ তার লোকজন গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এ ঘটনায় মিলন মিয়া নামক একজনকে গাছ কাটার সরঞ্জামাদিসহ গ্রেফতার করেছে। জানা গেছে, গত কয়েক বছর ধরে জায়গা-জমি নিয়ে আবদুল বাছির ভুঁইয়ার সাথে নূর ইসলাম মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নূর ইসলামের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল বাসির মিয়ার বাড়িতে হামলা চালায় এবং বাড়ির অন্তত ১৫টি ফলদ ও কাঠ গাছ কেটে ফেলে। এসব গাছের মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। হামলাকারীরা বাড়ির বেড়া, টিনের চাল ভেঙ্গে ফেলে এবং ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দু’লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এদিকে সকালে হামলাকারীরা বাসির ভুঁইয়ার ছেলে আনিছুর রহমান ভুঁইয়ার উপরও হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে বিজয়নগর থানার ওসি রসূল আহাম্মেদ নিজামী জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে।