ট্রেনে পাথর নিক্ষেপ রোধে আখাউড়ায় বিনিময় সভা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৩
চট্টগ্রামে ট্রেনে পাথর ছুঁড়ে নারী প্রকৌশলী প্রীতি দাশকে হত্যার ঘটনার পর নড়েচড়ে বসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ঢাকা জোনের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাদাত আলীর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার সকাল সাড়ে ১১টায় আখাউড়া রেলস্টেশন পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রতিনিধিদলটি যাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মার্কিংসহ নানা কর্মসূচি পালন করেন। আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ রেলওয়ের ঢাকা জোনের বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাদাত আলী বলেন, যে সমস্ত অঞ্চলে রেললাইনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে সে সব অঞ্চলেই নিয়মিত ক্যাম্পেইন করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের ঢাকা জোনের রেলওয়ে কর্মকর্তাসহ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দলটি কিশোরগঞ্জের ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে মত বিনিময় করেন।