মা ও নবজাতক হত্যায় কেউ গ্রেফতার হয়নি
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৬
নরসিংদীর ভাটপাড়া বাজার সংলগ্ন ওয়েলকাম প্রাইভেট হাসপাতালের ভুয়া ডাক্তার ও তার সহযোগীদের ভুল চিকিত্সায় ফাহিমা রনি ও নবজাতক সন্তানের মৃত্যুতে দায়ের করা মামলায় পুলিশ এখনো কোন আসামি গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় গত ১৫ জুলাই নরসিংদী সদর মডেল থানায় নিহতের ভাই মোঃ ফখরুল ইসলাম হাসপাতালের ডাক্তার তুহিন সরকার, সহকারী ঝর্ণা বেগম, সোনিয়া বেগম ও মুক্তি বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা করায় আসামিপক্ষ বাদীকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। গত রবিবার নরসিংদী প্রেসক্লাবে নিহতের ভাই ও মা-বাবা উপস্থিত হয়ে বলেন, মামলা তুলে না নিলে আসামিরা ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে প্রাণনাশসহ জানমালের ক্ষতিসাধন করতে পারে। এ ব্যাপারে তারা নরসিংদী পুলিশ সুপারের নিকট অভিযোগ করেছেন।