চীনে আকস্মিক বন্যা এবং টাইফুনে ১০৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২২:৩৬
চীনে শক্তিশালী টাইফুন এবং আকস্মিক বন্যায় ১০৫ জনের প্রাণহানি ঘটেছে এবং বহু লোক আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ১১৫ জন। ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে লাখ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলেই কেবল ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া দক্ষিনাঞ্চলের গুয়াংডং প্রদেশে আরো ২০ জনের প্রাণহানির খবর জানিয়েছে দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়।
গুয়াংডংয়ে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তুমুল বৃষ্টিপাতের কারণে এ প্রদেশ থেকে পাঁচ লক্ষাধিক লোককে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে হাজার হাজার লোক অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে গুয়াংঝু রেল স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানায়, ট্রেন সার্ভিস বন্ধ থাকায় ৮০ হাজার যাত্রী আটকা পড়েছে। তবে সোমবার পুনরায় ট্রেন চালু হয়েছে বলে কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে। ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য দুই হাজার আট শতাধিক সৈন্য নিয়োগ করা হয়েছে। লিয়াওনিং এবং জিলিনে শতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। গুয়াংডংয়ে শক্তিশালী টাইফুন ‘উটোর’ ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধন করেছে। ঘরবাড়ি এবং কৃষিফসল ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও উত্তর চীনে প্রায় ৪০ লাখ এবং দক্ষিণ চীনে প্রায় ৯০ লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।