জিয়া চ্যারিটেবল ট্রাস্ট
অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২২:৪১
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা আমলে নেয়া সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সভানেত্রীর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি গতকাল রবিবার এ আবেদন দাখিল করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছর এ মামলায় অভিযোগপত্র দাখিল করে কমিশন। চলতি বছরের ১৫ জানুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ মামলার অভিযোগ আমলে নেন। এরপরই আমলে নেয়ার আদেশ বাতিল চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
এ প্রসঙ্গে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ইত্তেফাককে বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের (৫)২ ধারা এবং দণ্ডবিধির ১০৯ অনুচ্ছেদ অনুসারে এ মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এ দুটি আইনের সংশ্লিষ্ট ধারায় দুর্নীতি ও যোগসাজশের বিষয়টি রয়েছে। কিন্তু মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দ্দিষ্ট কোন অভিযোগ নেই। কেবল শীর্ষ পদে থাকার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত অনিয়ম হলে সেটা দুদক আইনের আওতায় পড়ে না। স্ট্যাম্প আইনের ৩৮, ৪০, ৪১ ও ৪২ ধারা অনুসারে এ মামলা হতে পারতো। তাই এ মামলা আমলে নেয়া সঠিক হয়নি।