মিসরের সিনাইয়ে বাসে হামলায় ২৫ পুলিশ নিহত

মিসরের সিনাই উপদ্বীপে পুলিশবাহী বাসে গতকাল সোমবার এক অতর্কিত আক্রমণে ২৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। সিনাই-গাজা সীমান্তে রাফা শহরের কাছে তাদের উপর আক্রমণের এই ঘটনা ঘটে। সমপ্রতি মিসরের নিরাপত্তা বাহিনী সিনাই উপদ্বীপে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। দু’বছর আগে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হবার পর থেকে এখানে জঙ্গি হামলা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। খবর বিবিসি ও এপির। গতকাল পুলিশের উপর এই হামলার ব্যাপারে কয়েক রকম তথ্য পাওয়া গেছে। একটি সূত্র জানায়, চারজন সশস্ত্র ব্যক্তি বাস দুটি থামিয়ে সব পুলিশ সদস্যকে নেমে যেতে বাধ্য করে। তারপর তাদের গুলি করে হত্যা করে। পৃথক সূত্রের দাবি, বাসের উপর রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলা করে তাদের হত্যা করা হয়। কোনো পক্ষ থেকেই এই হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, জুলাই মাসের ৩ তারিখে দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করার পর দেশটিতে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কায়রোর সেনা-সমর্থিত সরকার জরুরী অবস্থা ঘোষণা করেছে।