ক্যাম্পাস তারকা

স্বপ্নের পথে ওমর ফারুক

ওমর ফারুক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল এবং চট্টগ্রাম অঞ্চলের নামজাদা খেলোয়াড়। খেলেছেন বয়সভিত্তিক দল অনূর্ধ্ব থার্টিন, ফিপটিন, সিক্সটিন, এইটটিন এ। পরে ইনজুরির কারণে খেলা ছেড়ে দেন ফারুক। এরপর ক্রমে জড়িয়ে যান মিডিয়ায়। ২০১১ সালে প্রথম র্যাম্পের মাধ্যমে শুরু হয় মিডিয়ায় কাজ করা। একই বছর মি: চিটাগং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪র্থ স্থান অধিকার করেন। খুব অল্প সময়ে বিবি রাসেলের নির্দেশনায় ফ্যাশন শো করেছেন। ২০১৩ সালে আরো কিছু ভালো শো করেন। ঢাকা ফ্যাশন উইক ২০১৩ তে অংশগ্রহণ করেছেন। এছাড়া যেসব নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন— ইউনিভার্সিটি, কোন দ্বিধা নয়, ট্রাম্প কার্ড, কেমেস্ট্রি অব লাভ। এছাড়া টেলিভিশন বিজ্ঞাপনেও নিয়মিত ওমর। করেছেন ইস্পাহানি মির্জাপুর চা এবং আরএফএল পানির পাম্পের বিজ্ঞাপন। এতো দূর কিভাবে আসা জানতে চাইলে— ‘সেই ছোটবেলা থেকেই শখ মিডিয়ায় কাজ করার। অভিনয়, গান, নাচ, মডেলিং এসব আগ থেকেই একটু-আধটু করা হতো। আর স্কুল, কলেজে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাকে ছাড়া হতোই না!’ বলছিলেন ফারুক। এছাড়া বিভিন্ন শোতে অংশগ্রহণ ও বিভাগের অনুষ্ঠানগুলোতে পারফর্ম করেন বলে জানান তিনি। মিডিয়ায় নানা ধরনের কাজ করেন ফারুক। উচ্ছ্বাস নিয়ে ফারুক জানান, ‘খুব ভালো লাগে যখন অনেকে দেখেই চিনতে পারে আর বলে শোতে এই ভাইয়াকে দেখেছি। তখন মনে হয় আমি আমার স্বপ্নের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছি।’ ক্যাম্পাস আমার খুব প্রিয় উল্লেখ করে ফারুক বলেন, ক্যাম্পাসে আড্ডা দিতে, ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। সময় পেলেই বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হই, গান করি। বিভাগের শিক্ষক, ক্লাসের বন্ধুরা, বড় আপু, ভাইয়ারা অনেক উত্সাহ দেয়। তাদের উত্সাহ না পেলে এত দূর আসা সম্ভব হত না।