পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংক্রান্ত নীতিমালা অনুমোদন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:২৩
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফে ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনের নীতিমালা অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। অনুমোদনের পর গতকাল সোমবার তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) পাঠানো হয়েছে।
আইসিবি সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রণালয়ের অনুমোদন করা নীতিমালা আইসিবির হাতে এসেছে। তাই আজ বুধবার অর্থছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। খুব শিগগির অর্থ ছাড় হতে পারে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রথমে এ অর্থ দেওয়া হবে আইসিবিকে, এরপর আইসিবি থেকে নিয়ে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগকারীদের ঋণ দেয়া হবে। চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের আগেই বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পুনঃঅর্থায়ন তহবিলের অনুমোদন দেয়া হয়। এরপর এ অর্থ বিতরণের জন্য একটি নীতিমালা তৈরির জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সদস্য আরিফ খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ সম্বলিত নীতিমালাটি অনুমোদনের জন্য জুলাই মাসেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। গতকাল অর্থমন্ত্রণালয় তা অনুমোদন করলো।