চোলাই মদের কারখানা গুঁড়িয়ে দিয়েছে জনতা

বগুড়ার শেরপুরে চোলাই মদ (দেশি মদ) তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। অতপর সেখান থেকে প্রায় ৩’শ লিটার চোলাই মদ স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে ধ্বংস করেছে। এলাকাবাসী জানায়, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিগলাভিটা গ্রামে প্রায় ৩০টি আদিবাসী পরিবার বসবাস করে। এ পরিবারগুলোর ৪/৫টি পরিবার বাদে সবাই এ মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত। স্থানীয় এলাকাবাসী বীরেন, শুকবালা ও মালতি জানায়, দীর্ঘদিন যাবত্ এখানে অবৈধ মদের ব্যবসা চালাচ্ছে। গত ১৯ আগষ্ট ঐ এলাকার চোলাই মদ ব্যবসায়ী ফুদুনী ওরফে বাতাসী প্রকাশ্যে মদ তৈরি করার সময় স্থানীয় জনতা ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোনায়েম গিয়ে প্রায় ৩শ’ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি আটক করে। পরে শেরপুর থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে সেগুলো জব্দ করে আলামত সংরক্ষণ করত তৈরিকৃত মদ ও কাঁচামাল পানিতে ফেলে ধ্বংস করে। স্থানীয় এলাকাবাসী আরও জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ও চুনোপুটি নেতাদের সহযোগিতায় এ মদ তৈরি হলেও প্রশাসন তা বন্ধের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোনায়েম জানান, গত মাসে শেরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় মিটিংয়ে এ বিষয়টির ব্যাপারে অভিযোগ করা হলেও কোন কাজ হয়নি। শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তারা আদিবাসী হওয়ায় হাতেনাতে না ধরলে আইনের ফাঁকে পার পেয়ে যায়।