নন্দীগ্রামে মেম্বারকে কুপিয়ে হত্যা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২১:৪০
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাজগ্রাম ইউপির সাবেক সদস্য নজরুল ইসলাম (৫৮) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম গত ১৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টায় চাঁনপুর পুকুর দেখে বাড়ি ফেরার পথে আমড়া গোহাইল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে রাস্তার মোড়ে পৌঁছিলে দুর্বৃত্তরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এরপর তার পরিবারসহ লোকজন সেখানে এসে তার লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। গত ২০ আগস্ট সকাল ৯টায় বগুড়া বি-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম, থানার ওসি শাহজাহান আলী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।