নিজেকে নিরপরাধ প্রমাণ করবো
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২১:৫৮
বাংলাদেশের প্রিমিয়ার লিগের ফিক্সিং কেলেঙ্কারির নয় অভিযুক্তর মধ্যে তিনি একজন। সোমবার ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর গতকাল সংবাদ মাধ্যমের কাছে ফিক্সিং কেলেঙ্কারিতে নিজের অবস্থান পরিস্কার করলেন বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল—
ফিক্সিংয়ে আপনার নাম জড়ালো কেন?
আমি যে কোনোভাবে পরিস্থিতির শিকার হয়েছি। কিভাবে হয়েছি, তা তো বলতে পারবো না।
ওই ম্যাচটায় কি আদৌ ফিক্সিং হয়েছিল?
আমি কোনো কিছুর সঙ্গে ইনভলব ছিলাম না। আমার সঙ্গে এরকম কারো সঙ্গে কথাও হয়নি। ফলে কী হয়েছে, আমি তো বলতে পারি না।
আকসু বলেছে, তাদের কাছে শক্ত প্রমাণ আছে। বলা হচ্ছে সবার কিছু কথাবার্তা রেকর্ডিং আছে...
আমার সাথে কারো কোনো কথাই হয়নি। ফলে এই ধরনের রেকর্ডিং থাকার কারণ নেই।
কিভাবে আপনি নিজেকে নিরপরাধ প্রমাণ করবেন?
কেউ ফিক্সিং করতে চাইলে অবশ্যই তাকে খারাপ বল করতে হবে। আমি তো এতোটা বোকা না যে ফিক্সিং করেও ভালো বল করবো। ভালো করে আমি হতাশ কেন হবো। আমি খারাপ করলে হতাশ হতে পারতাম।
ফিক্সিং মানেই খারাপ খেলা তা তো নয়। অনেক সময় নির্দিষ্ট পারফরম্যান্সের জন্য ফিক্সিং করা হয়—স্পট ফিক্সিং...
এরকম কী হয় নাকি? আমি তো এ ধরনের ফিক্সিংয়ের কথা জানতামই না। এই প্রথম শুনলাম।
পরেও কখনো এই ম্যাচে ফিক্সিং হয়েছে বলে শোনেনি?
পরে যেহেতু অনেক কথা হয়েছে, কেউ কেউ বলেছে; সেসব আলোচনা শুনেছি। কিন্তু এর পেছনে কারা আছে, কিভাবে করেছে, আমি কিছুই কখনো শুনিনি।
আপনার নাম নাকি আশরাফুল বলেছে। তাকে জিজ্ঞেস করেছিলেন, কেন বলেছে?
আশরাফুলের সাথে আমার এরপর আর কথা হয়নি। আমিও এই প্রশ্নের উত্তর পাইনি।
এটা কী কোনো ষড়যন্ত্র হতে পারে?
অবশ্যই হতে পারে। আমি কিছুই করিনি অথচ নাম এসেছে। ফলে সে সম্ভাবনা তো আছেই।
আইসিসিসি ঠিক কী অভিযোগ করেছে?
অভিযোগটা ছিল, ম্যাচটা পাতানো ছিল। তুমি এটা জানতা।
আপনি আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন?
আমি এরই মধ্যে আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। ইংল্যান্ডে আমার কয়েকটা ব্যারিস্টার ফ্রেন্ড ছিল। ওদের আমি অভিযোগপত্র দেখিয়েছি। তারা বলেছে, খুব সমস্যা না। আমি আইনি লড়াই করতে পারলে নিরপরাধ প্রমাণ করতে পারবো।
আকসু আপনাকে ঠিক কী জিজ্ঞাসাবাদ করেছিল?
আকসু থেকে যা জিজ্ঞেস করা হয়েছে, আমি যা জানি বলেছি। আমার কাছে তাদের আসলে খুব বেশি প্রশ্ন ছিল না। আমার বিরুদ্ধে ওরকম সরাসরি কোনো কিছু তো নাই। একটা দুটো প্রশ্ন সম্পর্কে আমি বলেছি, আমি এসব জানি না।
ভালো ফর্মে ছিলেন। জাতীয় দলে ফেরার সম্ভাবনাটা নষ্ট হওয়ায় হতাশ?
গত বছর সবগুলো ঘরোয়া টুর্নামেন্টে সেরা তিন বোলারের মধ্যে ছিলাম; সবমিলিয়ে এক শর ওপরে উইকেট পেয়েছি। ভালো ফর্মে ছিলাম। তারপরও আমি হতাশ না। আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারলে আমার সামনে অনেক সময় আছে।
মাইনর কাউন্টির খেলা রেখে ফিরে আসতে হল। ওখানে প্রতিক্রিয়াটা কী?
ওরা হতাশ। আমি ওদের হয়ে ভালোই করছিলাম। কিন্তু এই চিঠি পাওয়ার পর ওদের বললাম, আমার আর খেলার অনুমতি নাই। এ অবস্থায় খেললে আরও ঝামেলায় পড়বো।
এখন আপনার পরিকল্পনা কী?
খেলতে পারি আর না পারি, নিজেকে নিরপরাধ প্রমাণ করাই আমার এখন প্রধান চ্যালেঞ্জ। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আর খেলতে না পারলেও দুঃখ নেই।