বিশ্বকাপের পর অবসর নেবেন ক্লোসা
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২২:০২
জার্মানির অভিজ্ঞ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন।
ক্লোসা ‘কিকার’ ম্যাগাজিনকে বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘জাতীয় দলে থেকেই আমি অবসরে যেতে চাই।’ বর্তমানে ইটালির ল্যাজিওর খেলোয়াড় ৩৫ বছর বয়সী ক্লোসা জার্মানির হয়ে ১২৮টি ম্যাচে ৬৭টি গোল করেন। আর এক গোল হলেই জার্মানির সর্বকালের সেরা স্ট্রাইকার জার্ড মুলারের রেকর্ডটির সমকক্ষ হবেন তিনি। ওয়ের্ডার ব্রেমেন এবং ব্রায়ান মিউনিখের সাবেক এই তারকা ১৪ গোল করেছেন তিন বিশ্বকাপে। ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো বিশ্বকাপে সর্বমোট ১৫টি গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে আছেন। এই দুইটি ব্যক্তিগত রেকর্ড অর্জনের পর হয়তোবা ক্লোসা ২০১৪ বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারেন। কিন্তু তার আগে জার্মানির হয়ে বিশ্বকাপের শিরোপা দখলই মূল লক্ষ্য বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, শিরোপা জয়ই মূল লক্ষ্য। ব্রাজিলে যদি আমরা বিশ্বকাপ জিততে পারি তবে সেটা আমার জন্য অসাধারণ এক অর্জন হবে। এর বাইরে সবকিছুই দ্বিতীয় লক্ষ্য হিসেবে থাকবে। বর্তমানে ল্যাজিওর সাথে চুক্তির শেষ বছর পার করছেন তিনি। এরপর আগামী গ্রীষ্মে পুনরায় তিনি সিরি-এ ছেড়ে বুন্দেসলিগায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। এখনো নিজেকে ফিট মনে করেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। আর তাই জার্মান লিগে ফিরেই ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখেন ক্লোসা।—বাসস