অপহূত মেডিক্যাল ছাত্রী উদ্ধার হয়নি চার দিনেও

অপহরনের চারদিন পার হয়ে গেলেও উদ্ধার করা যায়নি বাংলাদেশ মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রী মনিকা শাহিন মোস্তফাকে। গত শনিবার বিকেলে এলিফ্যান্ট রোডের বাসার সামনে থেকে সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় নিউমার্কেট থানায় হাসান আল খালেদ ওরফে আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রীর মা রোকসানা করিম। আসিফের স্ত্রী ও পরিবারের লোকজন মনিকাকে অপহরণের কথা স্বীকার করলেও তাকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তত্পরতা চোখে পড়ছে না। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত ইত্তেফাককে বলেন, মোবাইল ফোনের কললিস্ট ধরে অভিযান চলছে। কিন্তু এখনো তাকে উদ্ধার করা যায়নি। ঘন ঘন অবস্থান বদলের কারণে অপহূত ছাত্রীকে উদ্ধার করা যায়নি বলে জানান তিনি। তবে খুব শিগগিরই অপহূত ছাত্রীকে উদ্ধারের ব্যাপারে আশাবাদী তিনি। গত রবিবার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় রোকসানা করিম অভিযোগ করেন, তার স্বামী ডা. করিমুল মোস্তফা সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে কর্মরত। মেয়েকে নিয়ে তিনি এলিফ্যান্ট রোডের একটি ফ্লাটে বসবাস করেন। গত শনিবার বিকেল ৪টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে রিকশার জন্য নিচে অপেক্ষা করছিল। এ সময় মগবাজার এলাকার আসিফের নেতৃত্বে ৩/৪ জন সন্ত্রাসী একটি নোয়া মাইক্রোবাসে করে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।