স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে

বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে যেসব দেশ বিরোধিতা করেছিল এখনো তারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এ ষড়যন্ত্রের পুতুল একটি বড় দলের নেত্রী। স্বাধীনতা বিরোধীদের এই পুতুল নাচে বাঙ্গালী যদি সায় দেয়, তাহলে পাকিস্তানীরা যেমন বাঙ্গালীদের কচুকাটা করেছিল, আবারও তেমনি কচুকাটা হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত্ বার্ষিকীর আলোচনায় কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ এসব কথা বলেন। ব্যাংকের কার্যালয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, পরিচালক কৃষিবিদ মশিউর রহমান, অফিসার কল্যাণ সমিতির সভাপতি আমিনুর বাহার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. লিয়াকত হোসেন মোড়ল, সিবিএ সাধারণ সম্পাদক হারিস আলম। ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজীদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিবিএ সভাপতি আবদুল্লাহ খান। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু তিনি নিজের স্বার্থে তার প্রভাবকে কাজে লাগাননি। এছাড়া মৃত্যুর পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু সত্ জীবন যাপন করেছেন। সমাপনী বক্তব্যে আলাউদ্দিন এ মজিদ বলেন, বাংলাদেশের কর্মজীবীরা যার যার দায়িত্ব যদি পেশাদারিত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেশিদিন সময় লাগবে না।