ছাঁটাইকৃত কর্মীদের নিয়ে বিপাকে বিমান
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২২:১৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ছাঁটাইকৃত কর্মীদের নিয়ে নতুন করে বিপাকে পড়েছে। উল্লেখ্য, বিগত তত্ত্ব্বাবধায়ক সরকারের আমলে স্বেচ্ছা অবসর কর্মসূচিতে (ভিআরএস) বিমানকে কোম্পানিতে রূপান্তরিত করার আগে ১ হাজার ৮৬২ জনকে কর্মীকে ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়নি এমন ৪৩২ জন আদালতে মামলা করেন। আদালত ইতিমধ্যে ভিআরএস-এর মাধ্যমে অবসর প্রদানকে অবৈধ উল্লেখ করে তাদের চাকরি বহাল রয়েছে বলে রায় দিয়েছে। এর রায়ের প্রেক্ষিতে গত রবিবার প্রায় ১০০ কর্মী চাকরিতে যোগদানপত্র জমা দেন।
যোগদানপত্র জমাদানকারীরা জানান, ২৫ বছরের কম সময় চাকরিতে ছিলেন এমন কর্মীর সংখ্যা ৪৩২ জন। বিমানের নিয়ম অনুযায়ী ২৫ বছর পূর্ণ না হলে অবসর নেয়া বা দেয়ার সুযোগ নেই। আর তাই বিধি লংঘন করে অবসরে পাঠানো কর্মীদের চাকরি বহাল থাকায় আদালতের রায় অনুযায়ী তারা পুনরায় যোগদান করছেন। অন্যরাও পর্যায়ক্রমে যোগদান করার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, বিমানের একজন কর্মকর্তা জানান, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।