সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। খবর আমাদের অফিস ও সংবাদদাতাদের। সীতাকুন্ড (চট্টগ্রাম): সীতাকুন্ডের ফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ওভারব্রীজ ফকিরহাট এলাকায় চট্টগ্রামমুখী জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশাচালক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরছড়া গ্রামের মৃত জব্বর আলীর পুত্র আবদুল হালিম, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিম গাঁও গ্রামের শামসু মোল্লার পুত্র মো. জসিম উদ্দীন ও নগরীর ফয়েস লেক এলাকার কামাল উদ্দীন নিহত হন। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতেয়াজ ঘটনার সত্যতা স্বীকার করেন। দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। তবে দুর্ঘটনায় আহত শিশু পুত্র অলৌকিকভাবে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পার্বতীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের ইব্রাহিমের পুত্র ইকবাল সরকার লিটন (৩২), তার স্ত্রী শাহিনা বেগম (২৫) ও শিশু পুত্র ইসতিয়াক (৪) মোটর সাইকেল দিনাজপুরে আসার পথে বিকালে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের বেকিপুল নামক স্থানে একটি ট্যাংকলরিকে ওভার টেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঐ ট্যাংকলরির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর নিহত হন। মোটর সাইকেলের সামনে বসা পুত্র ইসতিয়াক অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত মফিজউদ্দীনের পুত্র বেলাল উদ্দীনকে (৭০) চাঁদগঞ্জ সড়ক সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত বেলাল উদ্দীনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। কোতয়ালী থানায় মামলা হয়েছে। অন্যদিকে সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া গ্রামের নরেন্দ্রনাথের স্ত্রী সুলেখা রাণী (৫৫) নামের এক গৃহবধূ বাড়ির সামনের পাকা সড়ক পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় নিহত হয়। নাজিরপুর (পিরোজপুর): নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২১ জন। নিহতরা হলো বাসের হেলপার উজ্জল (২৫) এবং বাসযাত্রী জমিলা বেগম (৭০)। সোমবার দুপুরে বাগেরহাট থেকে একটি বাস পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় নাজিরপুরের পাতিলাখালী নামক স্থানে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালায়।