চীনে বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে

চীনে শক্তিশালী টাইফুন এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। নিখোঁজ লোকের সংখ্যা অর্ধশতাধিক। এখনো পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ। উদ্ধারকারীরা দিনরাত চেষ্টা করে পানিবন্দি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। হিউনান, গুয়ানজি এবং উজোউ প্রদেশে বন্যার ব্যাপকতা সবচে বেশি। এসব প্রদেশের বিভিন্ন শহরের রাস্তায় ও হাইওয়েতে পড়ে আছে হাজার হাজার কাদামাটি মাখা গাড়ি ও ভেসে যাওয়া আসবাবপত্র। খবর সিনহুয়ার। ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে লাখ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলেই কেবল ৭০ জনের প্রাণহানি ঘটেছে। গুয়াংডং প্রদেশে ৫০ জনের প্রাণহানির খবর জানিয়েছে দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়। গুয়াংডংয়ে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে হাজার হাজার লোক অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাদের নিয়োগ করা হয়েছে। এই বন্যায় এক কোটির বেশি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বলছেন, দেশটিতে এই শতাব্দির মধ্যে সবচে ভয়াবহ বন্যা এটি।