পরবর্তী ধার্য তারিখে জবাব না দিলে একতরফা শুনানি
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২৩:১০
৪৫ কোটি টাকারও বেশি টাকা খেলাপী ঋণ আদায়ে রাস্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষে পরবর্তী ধার্য তারিখে জবাব দাখিল করতে ব্যর্থ হলে একতরফা শুনানি হবে মর্মে আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে চলমান এ মামলায় বিবাদীদের পক্ষে জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল।
বিবাদীদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী জাহিদুল ইসলাম কোয়েল জানান, বিবাদী প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদের পক্ষে জবাব দাখিল করা হয়। মামলার ৬ নম্বর বিবাদী গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রী ৮ নম্বর বিবাদী শাহিনা ইয়াসমিনের পক্ষে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন করা হয়। এছাড়া মামুনের পক্ষে মামলা খারিজের আবেদন করা হয়।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মোহাম্মদ রবিউজ্জামান জবাব দাখিলের জন্য বেঁধে দেয়া সময় পেরিয়ে যাওয়ায় গিয়াসউদ্দিন আল মামুনের আবেদন নাকচ করেন। তবে মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনের আবেদন মঞ্জুর করেন। মামুনের পক্ষে মামলা খারিজের আবেদন সংক্রান্ত কোন আদেশ না দিয়ে তা নথিভুক্ত করেন। একইসঙ্গে জবাব দাখিলের জন্য শেষবারের মতো ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। অন্যথায় বাদীর পক্ষে একতরফা শুনানির আদেশ দেন।