১১ দিনেও ভোলার বিদ্যুত্ পরিস্থিতির উন্নতি হয়নি

বিদ্যুত্ বিপর্যয়ের ১১ দিন পরও বিকল রেন্টাল বিদ্যুত্ কেন্দ্রের ইঞ্জিন মেরামতের কাজ শুরু হয়নি। গত শুক্রবার ফ্রান্স-সুইডেন ও ভারতভিত্তিক আলসটম কোম্পানির একজন ভারতীয় বিদ্যুত্ বিশেষজ্ঞ ভোলায় এসে তিনদিন যাবত্ পরীক্ষা-নিরীক্ষা করে সোমবার ঢাকায় চলে গেছেন। ঢাকায় বুধবার আরো কয়েকজন বিশেষজ্ঞের সাথে বৈঠকের পর মেরামত কাজ শুরু হবে বলে জানা গেছে। অপরদিকে ওজোপাডিকোর এম.ডি জানান, বরিশাল-ভোলা সঞ্চালন লাইনের সাবমেরিন ক্যাবল স্থাপন করার কাজও বৃষ্টির কারণে শনিবারের আগে সম্পন্ন করা সম্ভব হবে না। চরম দুর্ভোগে ভোলার ২০ লাখ মানুষ। ঈদের পরদিন রেন্টাল বিদ্যুত্ কেন্দ্রটি হঠাত্ করে বিকল হয়ে পড়ায় এবং ৩৩ কেভি গ্রিড সঞ্চালন লাইন ১ মাস যাবত্ বিকল থাকায় সমগ্র ভোলা অন্ধকারে নিমজ্জিত হয়। কয়েকদিন চেষ্টার পর ভোলা-পটুয়াখালী সঞ্চালন লাইনে তেতুলীয়া নদীর তলদেশে আড়াই কি.মি. ক্যাবল স্থাপন করে লাইনটি চালু করা হলে ভোলায় সীমিত বিদ্যুত্ চালু হয়। এতে বিদ্যুত্ পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি।