এমপি রনি গলাচিপার দুই মামলায়ও জামিন পাননি
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২৩:১১
হামলা, চাঁদাবাজী ও ছিনতাই অভিযোগে গলাচিপা থানায় এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে দায়েরকৃত দু’টি মামলায় পটুয়াখালীর জেলা জজ আদালতও গতকাল মঙ্গলবার তাকে জামিন দেয়নি। এমপি রনির পক্ষে আইনজীবী গোলাম ওহিদ চৌধুরী জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলামের আদালতে তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে গত রবিবার পটুয়াখালী ‘ক’ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদাতে ঐ দুই মামলায় জামিনের আবেদন করলে সেখানেও জামিন নামঞ্জুর হয়।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি গোলাম মাওলা রনিকে প্রধান আসামী করে গত ১১ আগস্ট গলাচিপা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৭ আগস্ট জাতীয় শোক দিবস এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গলাচিপার পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশে সাংসদ রনির নেতৃত্বে তার ক্যাডারা হামলা করে লোকজনকে জখম করা, দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এই অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিকন একটি মামলা করেন। এ মামলায় ১৭ জনের নাম উলে¬খ করে মোট ৪২ জনকে আসামী করা হয়।
অপর মামলাটি করেন উপজেলার ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বদরুল ইসলাম খান বাদল। তিনি এজাহারে উল্লেখ করেন, ২০১২ সালে ২৫ মার্চ তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সাংসদ রনির নেতৃত্বে মোঃ মকবুল খানসহ অন্য আসামীরা তার ওপর হামলা করে। এসময় তার পকেট থেকে নগদ ৩৬ হাজার ৭শ’ টাকা, তিনটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়া হয়। সাংসদ রনি এ সময় বদরুলের বুকে পিস্তল ঠেকিয়ে রাখেন। মামলাটিতে ১১ জনের নাম উলে¬খ করে ২৯ জনকে আসামী করা হয়।