মিসরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষনেতা বাদাই গ্রেফতার
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২৩:১৪
মিসরের মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদাইকে কায়রো থেকে গ্রেফতার করা হয়েছে। মিসরীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে। মুরসি সমর্থকদের সাম্প্রতিক প্রতিবাদ দমনের জন্য বাদাইকে গ্রেফতারের চেষ্টা করছিল দেশটির অন্তর্বর্তী সরকার। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় ধরা সম্ভব হয়নি। খবর বিবিসি ও এএফপির।
বাদাইয়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া ও গত জুনে মুসলিম ব্রাদারহুডের সদর দফতরের সামনে আটজন ব্রাদারহুডবিরোধী প্রতিবাদকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মকর্তারা ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর-পূর্ব কায়রোর নসর সিটির একটি ফ্ল্যাটে বাদাইকে অন্তরীণ রাখা হয়েছে। গত সপ্তাহে রক্তপাতের মাধ্যমে ভেঙে দেয়া মুরসি সমর্থকদের একটি প্রতিবাদ শিবিরের কাছেই ফ্ল্যাটটির অবস্থান। শুক্রবার কায়রোর রামসিস স্কয়ারে প্রতিবাদরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বাদাইয়ের ছেলে আম্মার বাদাই (৩৮)। সরকার বাদাইকে গ্রেফতারের খবরের সাথে একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায়, একটি সোফার উপর তিনি ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে বসে আছেন। তার সামনে টেবিলের উপর ছড়িয়ে ছিঁটিয়ে আছে পানি এবং জুসের অনেক খালি বোতল।
বিশ্লেষকরা বলছেন, বাদাইর গ্রেফতার মুসলিম ব্রাদারহুডের জন্য বেশ বড় একটি আঘাত। এই গ্রেফতারে মিসরের অন্তবর্তী সরকার ও ব্রাদারহুডের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। গত সপ্তাহে নাসর শহরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের একটি বড় জমায়েত ছত্রভঙ্গ করে দেয়ার ঘটনায় বেধে যাওয়া সংঘর্ষে কয়েক শ’ লোক নিহত হয়।
এএফপি’র খবরে বলা হয়, মিসরের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই গ্রেফতারের ঘটনা দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতির আশংকা করা হচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনী ও মুরসি সমর্থকদের মধ্যে দেশব্যাপী কয়েকদিনের সংঘর্ষে প্রায় ৯শ’ লোক নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ রাব্বা আল-আদাবিয়া স্কয়ারের কাছ থেকে ৭০ বছর বয়সী এই নেতাকে গ্রেফতার করে। দেশটির সামরিক সমর্থনপুষ্ট সরকার বাদাইসহ মুসলিম ব্রাদারহুড সংগঠনের সিনিয়র সদস্যদের অভিযুক্ত করেছে।
এদিকে বিচার বিভাগ সূত্র জানায়, মুরসির বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাকে গোপন স্থানে বন্দি রাখা হয়েছে।