জিএসপি সুবিধা স্থগিত বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন অবস্থান নয়

সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান সেনডের লেভিন বলেছেন, জিএসপি সুবিধা স্থগিত করা বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কোন অবস্থান নয়। মার্কিন কংগ্রেসম্যান মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জিএসপি সুবিধা পুনর্বহাল করবে। লেভিন আশাবাদ ব্যক্ত করেন যে, ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরো উন্নত হবে। এই খাতের উন্নয়নে ক্রেতা ও বিক্রেতাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব মানুষের জন্য বড় ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনিসহ জনগণের কল্যাণে নেয়া বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লে¬খ করেন। তিনি বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে। শেখ হাসিনা পর্যটন খাতে অগ্রগতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অবদান বৃদ্ধির কথাও উল্লে¬খ করেন। রানা প্লাজায় ভবন ধস ও প্রাণহানির মর্মান্তিক ঘটনার উল্লে¬খ করে তিনি বলেন, ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার অভিযান শুরু করতে সম্ভাব্য সবধরনের পদক্ষেপ গ্রহণ এবং আহতদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। শেখ হাসিনা বলেন, শ্রমিক শ্রেণির স্বার্থরক্ষায় শ্রম আইন-২০১৩ প্রণয়ন করা হয়েছে। সরকার কারখানাগুলোর নিরাপত্তা উন্নয়নে দুই শতাধিক শ্রমিক নিয়োগ এবং ৭টি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এছাড়া কারখানা ও শ্রমিকদের সম্পর্কে তথ্য যোগান দিতে ওয়েবসাইট চালু করা হবে। এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এ সময় উপস্থিত ছিলেন।