শিক্ষকদের লাঠিপেটা করে সরকার বর্বরতার পরিচয় দিয়েছে
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২৩:২০
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, শিক্ষকদের কর্মসূচিতে লাঠিপেটা করে সরকার বর্বরতার পরিচয় দিয়েছে। সারাদেশের নিয়োগ বঞ্চিত প্যানেলভুক্ত শিক্ষকরা বিভিন্ন দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি পালন করার সময় পুলিশ লাঠিপেটা করে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পীরসাহেব চরমোনাই উপরোক্ত মন্তব্য করে বেসরকারি প্রাথমিক প্যানেলভুক্ত শিক্ষকদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশের মানুষ তাদের বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কর্মসূচি পালন করতেই পারে। কিন্তু তাদের সেই গণতান্ত্রিক ও নাগরিক অধিকার খর্ব করে সরকার পুলিশকে দিয়ে শিক্ষকদের ওপর চড়াও হয়ে ইতিহাসের ঘৃণিত কাজ করেছে।
তিনি বলেন, এ ধরনের বর্বরতা বন্ধ না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে। পীরসাহেব চরমোনাই প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগসহ তাদের সকল দাবি মেনে নেয়া এবং গ্রেফতারকৃত শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে মুক্তি ও আহতদের যথাযথ চিকিত্সা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। —প্রেস বিজ্ঞপ্তি