কুমিল্লায় ঈদ কনসার্টে মনির খান, ন্যান্সিসহ খ্যাতনামা শিল্পীরা
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ১৯:৩৬
কুমিল্লার তিতাসে গানে গানে, নৃত্য আর বাদ্য-যন্ত্রের বাজনায় হাজারো দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন দেশের খ্যাতনামা চার শিল্পী মনির খান, ন্যান্সি, বাপ্পি রাজ আর চৈতি। গত ১৬ আগস্ট উপজেলার গাজীপুর খাঁন হাইস্কুলের কলেজ মাঠে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে তারা সংগীত পরিবেশন করেন। এতে বিনোদন পিপাসু তিতাস পাড়ের নারী-পুরুষসহ সকল শ্রেণীর মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।
তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা ন্যান্সির কণ্ঠে ‘বাতাসে কান পেতে থাকি’, ‘আমি তোমার মনের ভেতর’, ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে’, ‘বাহির বলে দূরে থাকো’-সহ মনমাতানো গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে। এ ছাড়া গ্রামবাংলার আরেক নন্দিত কণ্ঠশিল্পী মনির খান নির্ধারিত গানের পাশাপাশি দর্শক-শ্রোতাদের অনুরোধে একের পর এক গান পরিবেশন করেন। ‘আমি শিশু ছিলাম’, ‘অঞ্জনা গো’, ‘ও বিধি’, ‘ও সাথী একবার এসে’, ‘তোমার জন্মদিনে’, ‘সে যদি পায়রে খবর’, ‘বাবা তোমার ছেলে’, ‘এই সেই ঘর’, ‘সাদা কাপড় পড়লে’-সহ হূদয়ছোঁয়া গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন দূর-দূরান্ত থেকে আসা শিল্পীদের হাজারো ভক্ত-শ্রোতা। বাপ্পী রাজ ও চৈতির গানও শ্রোতাদের মন কেড়ে নেয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সালাউদ্দিন আহমেদ, জাকির হোসেন, রিমা আক্তার ও বিথী আক্তার গান পরিবেশন করেন। শিল্পীদের গান আর বাদ্যযন্ত্রের তালে তালে দর্শক-শ্রোতারাও নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে। ক্লান্ত জীবনে বিনোদনের একটু পরশ যেন শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে উদ্বেলিত করে তোলে।
উল্লেখ্য, ওই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।