চাটমোহরে নাটকের কর্মশালা অনুষ্ঠিত

‘না... কোন মঞ্চে নয় । আমন্ত্রিত প্রদর্শনীতেও নয়, আবার কোনো নাটকের দৃশ্যও নয়। উপরের ছবির এই দৃশ্যটি কর্মশালার অংশবিশেষ। চাটমোহরের সৃজনশীল নাট্য সংগঠন সমন্বয় থিয়েটার বোঁথড় স্কুল মাঠে খোলা আকাশের নিচে হারিকেনের টিম টিম আলো নিয়ে শুরু করেছে কবিতা, গল্প ও নাটকের গানের উপর কর্মশালা ও স্মৃতিচারণ। কর্মশালার পূর্বে সমন্বয় থিয়েটার শুরু করেছিল ১০ দিনব্যাপী পাঠচক্র। পাঠচক্রে মুনির চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, হাবিব তানভীর, মামুনুর রশিদ, মান্নান হিরা, আসাদুজ্জামান দুলালের নাটকসহ উল্লে¬খযোগ্য নাট্যকারের নাটক নিয়ে পাঠচক্র ও পাঠ আলোচনা শেষ হয় বোঁথর স্কুল মাঠে। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে এই কর্মশালা। আজকের এই উত্তাল সময়ে সবাই যখন রাজনীতি, সমাজনীতি, টেলিভিশন নাটক, ইনডিয়ান প্রচারিত ঝিলিক, বাহা, টাপুর টুপুর, জলনূপুর ইত্যাদি সিরিয়াল অর্ধশরীরের হরেক রকম বিজ্ঞাপন এবং ইন্টারনেটের মতো আরও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হৈ-হুল্লোড় করছে তার বিপরীতে সমন্বয় থিয়েটার কৃষক, শ্রমিক, দিন মজুর, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী নাট্যকর্মীদের নিয়ে নাট্যচর্চার পাশাপাশি শুরু করেছে নাট্য কর্মশালা। একটু ভাববার বিষয় যে পাবলু নেরুদা, বিষ্ণু দে, নাজিম হেকমতের মতো বিখ্যাত কবিদের কবিতা নিয়ে বিশ্লে¬ষন এবং স্মৃতিচারণ করছে একজন কৃষক, কাঠ মিস্ত্রি, একজন রাজমিস্ত্রী। বাংলাদেশের এই প্রেক্ষাপটে চিন্তাই করা যায় না। বাংলাদেশসহ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এ রকমভাবে হয় কি না আমার জানা নেই। অন্য রকম এই কর্মশালার মধ্য দিয়ে নাট্য ঘরনায় নতুন আর একটি ইতিহাস রচনা করল সমন্বয় থিয়েটার। সময়ের বুক ফালা করে যে কর্মকাণ্ড করছে সমন্বয় তাকে কোন নামে ডাকি?