গোপালগঞ্জ
নির্মল সেনের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ১৯:৩৮
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, লেখক, কমরেড নির্মল সেনের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়েছে। গত শনিবার নির্মল সেন জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি মিলানায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার শিল্পীদের দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা বিভিন্ন গণসংগীত ও একক সংগীত পরিবেশন করে দর্শকদের নজরে জায়গা করে নেন। এর আগে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’-এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক এইচ এম কামাল হোসেনের সভাপতিত্বে কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ুন কবির, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সহযোগী অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, শিক্ষক যশোদা জীবন সাহা, সহদেব বৈদ্য, উদীচী শিল্পী গোষ্ঠীর কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।