বলিউড

নার্গিস ফখরির : নতুন সময়

নার্গিস নামের মেয়েরা আসলেই অসাধারণ সুন্দরী হয়। বলিউডের কথা ধরা যাক। ৫০-এর দশকে নার্গিস নামে অপরূপ সুন্দরী একজন অভিনেত্রী হিন্দি সিনেমার দর্শকদের হূদয়ে তোলপাড় তুলেছিলেন। একের পর এক ছবিতে নায়িকা সেজে চমত্কার সৌন্দর্য এবং অভিনয়গুণে বাজিমাত করেছিলেন। যা আজও তাকে অমর করে রেখেছে। আবার অনেক অনেক বছর পর হিন্দি চলচ্চিত্র ভুবনে আরেক নার্গিসের আগমন ঘটেছে। তিনি নার্গিস ফখরি। ভারতে তার জন্ম না হলেও এখন তিনি বলিউডের বাসিন্দা। কয়েক বছর আগে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন ভারতে। ইমতিয়াজ আলি পরিচালিত ‘রকস্টার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছিল। রণবীর কাপুরের প্রেমিকার চরিত্রে নার্গিসের অভিনয় ততটা আশাপ্রদ ছিল না। কিন্তু তারপরেও অপরূপা সুন্দরী নবাগতা নায়িকা হিসেবে দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি। প্রথম অভিনীত সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্যের ঝড় তুললেও বলিউডে নার্গিসের কপাল খুলে যায়নি রাতারাতি। গত দুটি বছর তাকে অনেকটাই বেকার সময় কাটাতে হয়েছে। নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া পাকিস্তানি বাবা আর চেকশ্লোভাকিয়ান মায়ের মেয়ে ৩৩ বছর বয়সী নার্গিস ফখরি আমেরিকায় ফ্যাশন মডেল হিসেবে কাজ করে এসেছেন। তারপর সিনেমায় নায়িকা হয়েছেন। শোবিজ সম্পর্কে তার ধারণা ছিল। তবে সিনেমার নায়িকা হওয়ার লালিত কোনো স্বপ্ন ছিল না মনে। ‘আমেরিকাস নেক্সাট টপ মডেল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে অন্যতম সেরা মডেল বিবেচিত হয়েছিলেন ২০০৪-এ। তারপর ভারতে বিখ্যাত কিংফিগার সুইমসুট ক্যালেন্ডারের মডেল হওয়ার সুযোগ পেয়ে এখানে আসেন। ক্যালেন্ডারের মডেল হয়ে অনেকের নজরে পড়েন নার্গিস। তখন থেকেই তাকে ঘিরে বলিউডে চাঞ্চল্য এবং আগ্রহ সৃষ্টি হয়। একসময় ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ জুটে যায়। বলিউডে অভিষিক্ত হওয়ার জন্য এটা ছিল খুব বড় একটি ব্যাপার। কিন্তু অভিনীত ছবিটি বড় ধরনের সাফল্য পেলেও নার্গিসের জন্য সুফল বয়ে আনতে পারেনি। মাঝখানে ‘কৃষ থ্রি’ ছবিতে তার অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তার জায়গায় কঙ্গনা রানাওতকে নেওয়া হয়েছে। ‘খিলাড়ি ৪২০’ ছবিতেও অক্ষয় কুমারের বিপরীতে শেষ পর্যন্ত তার জায়গায় অসিন অভিনয় করেছেন। জন আব্রাহাম প্রযোজিত সুজিত সরকার পরিচালিত ‘মাদ্রাজ কাফে’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল। শুরুতে এ ছবির নাম ছিল ‘জাফনা’। পরে নাম বদলে ‘মাদ্রাজ কাফে’ রাখা হয়। শ্রীলঙ্কায় তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধের প্রেক্ষাপটে এ ছবির গল্প আবর্তিত হয়েছে। স্পাই থ্রিলার ধাঁচের এ ছবির বিষয়বস্তু নিয়ে এরইমধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ছবিতে তামিল টাইগারদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরা হয়েছে অভিযোগ করে ছবিটির প্রদর্শন বন্ধের দাবি করেছে ‘নাম থামিজার’ নামে একটি তামিল বিদ্রোহী গ্রুপ। যদিও ‘মাদ্রাজ কাফে’ ছবির নির্মাতাগোষ্ঠীর দাবি, বাস্তব ঘটনাবলির ছায়া রয়েছে এ ছবিতে, তবে হুবহু বাস্তব কোনো ঘটনা বা চরিত্র নিয়ে ছবিটি তৈরি হয়নি। এ ছবিতে জন আব্রাহাম একজন ভারতীয় সিক্রেট এজেন্টের ভূমিকায় রূপদান করেছেন। বহুল আলোচিত অ্যাকশন পলিটিক্যাল ড্রামা ধাঁচের এ ছবিতে একজন আন্তর্জাতিক যুদ্ধ সংবাদদাতার চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফখরি। এখানে তার অভিনীত চরিত্রটির নাম জয়া। গতানুগতিক হিন্দি সিনেমার নায়িকাদের মতো রোমান্টিক ইমেজের নারী চরিত্র নয়, বরং শ্বাসরুদ্ধকর ঝুঁকিবহুল যুদ্ধ পরিস্থিতিতে নিজের জীবনকে বাজি রেখে সংবাদ সংগ্রহে ব্যস্ত এক দুর্দান্ত সাহসী নারী সংবাদিকের চরিত্রে দর্শকদের সামনে আসছেন নার্গিস ‘মাদ্রাজ কাফে’ ছবিতে। দর্শক এর আগে ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের প্রেমিকা চরিত্রে যে রূপে তাকে দেখেছেন, তার সম্পূর্ণ বিপরীত ধাঁচের আরেকটি চরিত্রে দেখবেন এ ছবিতে। যা সবাইকে চমকিত করবে নিঃসন্দেহে। ‘মাদ্রাজ কাফে’ ছবিতে জয়া চরিত্রটি একজন সত্যিকার যুদ্ধ সাংবাদিক অনিতা প্রতাপের বাস্তব অভিজ্ঞতার আলোকে সৃষ্ট। তেমন একটি চরিত্র রূপায়ন নার্গিসের জন্য আসলেই কঠিন কাজ ছিল। যা তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। প্রথমে এ চরিত্রের জন্য অস্কারজয়ী হলিউডি সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত ফ্রিদা পিন্টোর কথা ভাবা হয়েছিল। ফ্রিদা এ ছবির স্ক্রিপ্ট পড়ে পছন্দ করেছিলেন এবং তাতে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু হলিউডি সিনেমায় অভিনয়ে ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত তার আর ‘মাদ্রাজ কাফে’ ছবিতে কাজ করা হয়ে ওঠেনি। ‘মাদ্রাজ কাফে’ ছবিতে অভিনয়ের সময় নিজের গ্ল্যামারাস লুক কিংবা সেক্স অ্যাপিল প্রদর্শন নিয়ে মোটেও মাথা ঘামাননি নার্গিস ফখরি। তার, মাথায় কেবলই চিন্তা ছিল কীভাবে এক দুর্দান্ত সাহসী নারী সাংবাদিকের চরিত্র পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলা যায়। এ জন্য তিনি অনেক ত্যাগী মনোভাবের পরিচয় দিয়েছেন। শ্বাসরুদ্ধ অনেক অ্যাকশন দৃশ্যে ডামির সহযোগিতা ছাড়াই নিজেই সরাসরি শট দিয়েছেন। যা উপস্থিত সবাইকে অবাক করেছে। পানির নিচে মৃত্যু ঝুঁকি নিয়ে শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে অনেক সাহসের প্রমাণ দিয়েছেন। তার ধৈর্য, নিষ্ঠা ও পরিশ্রমের কারণে জয়া চরিত্রটি ‘মাদ্রাজ কাফে’ ছবির বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এ ছবিতে তার রাফ অ্যান্ড টাফ লুক, বডি ল্যাঙ্গুয়েজ, সাজ পোশাক সর্বোপরি অভিনয় দর্শকদের প্রশংসা কুড়োবে বলে মনে করছেন অনেকেই। ‘মাদ্রাজ কাফে’ ছবিটি মুক্তির পর বলিউডে তার অবস্থান নতুনভাবে নির্ধারিত হবে। বলা যায় এ ছবির মাধ্যমে নতুনভাবে পরিচিত হবেন নার্গিস। এর আগে ‘রকস্টার’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় রণবীর কাপুরের সঙ্গে তার হূদ্যতা গড়ে উঠেছিল। তাদের গভীর বন্ধুত্ব নিয়ে নানা গুঞ্জনও শোনা গেছে তখন। এবার ‘মাদ্রাজ কাফে’ ছবির নায়ক-প্রযোজক জন আব্রাহামের সঙ্গে তার তেমন গভীর সম্পর্ক গড়ে ওঠার খবর না ছড়ালেও সাম্প্রতিক এক সাক্ষাত্কারে নার্গিস বলেছেন, রণবীর কাপুরের তুলনায় জন আব্রাহামকে তার বেশি ‘হট’ মনে হয়েছে। দু’জনের সঙ্গে কাজ করতে পেরে অনেক মজার এবং উত্তেজনাকর অভিজ্ঞতা হয়েছে বলে তিনি স্বীকার করেন। প্রীতি জিনতার প্রাক্তন প্রেমিক ব্যবসায়ী নেম ওয়াদিয়ার সঙ্গে নার্গিসের রমরমা সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। ‘মাদ্রাজ কাফে’ ছবিটি মুক্তির আগেই ‘ফাটা পোস্টার নিকালা হিরো’ ছবিতে শহীদ কাপুরের সঙ্গে একটি দুর্দান্ত আইটেম সংয়ে অংশ নিয়েছেন নার্গিস ফখরি। প্রখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ানের ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন তিনি বর্তমানে। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। অক্ষয় কুমারের বিপরীতে ৭০ দশকের সুপারহিট কমেডি ছবি ‘সৌখিন’-এর রিমেকে অভিনয় করছেন তিনি বর্তমানে।