খোঁজখবর

নতুন চলচ্চিত্রে ফেরদৌস আর সোহানা সাবা আবার একসঙ্গে অভিনয় করবেন। তাদের এবারের ছবি ‘বৃহন্নলা’। পরিচালক মুরাদ পারভেজ। গত বছর সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে ছবিটি। সোহানা সাবার প্রথম ছবি ছিল ‘আয়না’ (২০০৬)। এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করেছিলেন ফেরদৌস। ‘বৃহন্নলা’ নিয়ে ফেরদৌস বলেন, ‘ছবির গল্পটাই অন্য রকম। চিত্রনাট্যও চমত্কার হয়েছে। ঠিকমতো করতে পারলে ‘বৃহন্নলা’ খুব ভালো একটি কাজ হবে।’ সাবা বলেন, ‘আয়নার শুটিং করেছিলাম ২০০৪ সালে; যদিও ছবিটি মুক্তি পায় দুই বছর পর। অনেক দিন পর আবার ফেরদৌস আর আমি জুটি হয়ে কাজ করব, ভালোই লাগছে।’ ছবির গল্প প্রসঙ্গে মুরাদ পারভেজ বলেন, ‘আমার ছবি হলো তিল থেকে তাল আর সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার গল্প নিয়ে।’ পরিচালক জানান, আগামী ৮ সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হবে সাবার দাদাবাড়িতে, রাজবাড়ির মোহনপুর গ্রামে। ০০০ দীর্ঘ বিরতির পর দীর্ঘ বিরতির পর ফের অডিও অ্যালবামে মৌলিক আধুনিক গান নিয়ে ফিরছেন দেশের অন্যতম সংগীততারকা সামিনা চৌধুরী। তার সর্বশেষ অ্যালবাম প্রকাশ পেয়েছিল বছর চারেক আগে। ‘তোমার খোলা হাওয়া’ শীর্ষক এটি ছিল সামিনা চৌধুরীর প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে প্রকাশ পায় ‘সুরে রঙ’ ও ‘তুমি আমার পরিচয়’ শীর্ষক দুটি অ্যালবাম। এর প্রথমটি নিজের গাওয়া পুরোনো গানের রিমেক। আর অন্যটি দেশাত্মবোধক গানের অ্যালবাম। মোদ্দাকথা, গেল প্রায় সাত-আট বছর ধরে মৌলিক গানের একক অ্যালবামে পাওয়া যায়নি সামিনা চৌধুরীকে। এবার সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন তিনি। ০০০ সেরা চমক এবারের ঈদে ভালোই চমক দেখালেন চিত্রনায়িকা বর্ষা। বড় এবং ছোট দুই পর্দাতেই তার ঈদ চমক অব্যাহত রয়েছে এখনও। অনেকেই মনে করেন, এবারের ঈদে অসংখ্য আয়োজনের ভিড়ে ঘুরে-ফিরে সর্বস্তরের দর্শক-সমালোচকদের কাছে অন্যতম নাম হিসেবে ধরা পড়েন বর্ষা। কারণ, এই ঈদে মুক্তি পাওয়া তিনটি চলচ্চিত্রের মধ্যে এখন পর্যন্ত নানাবিধ কারণে দারুণ আলোচনায় আছে অনন্ত-বর্ষা জুটির ‘নিঃস্বার্থ ভালোবাসা’। এ চলচ্চিত্রটির পুরো গল্পটাই আবর্তিত হয়েছে বর্ষার ব্যক্তিজীবনকে ঘিরে। ফলে অন্য যেকোনো বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরে গিয়ে নতুন মাত্রা পেয়েছে এ চলচ্চিত্রটি। এ ছাড়া তার একেবারে চোখধাঁধানো উপস্থিতি ছিল পুরো ঈদ উত্সবে দেশের প্রায় প্রতিটি টিভি স্টেশনে। এমনকি পথে ঘাটে দেয়ালে দেয়ালে পোস্টার-বিলবোর্ডেও মারমুখী বর্ষাকে পেয়েছেন আমজনতা। চাকা বল সাবানের ‘স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই’ শীর্ষক এই বিজ্ঞাপনচিত্রে অন্যরকম অ্যাকশন লেডি হিসেবে হাজির হয়েছেন তিনি। ০০০ ভিন্ন চরিত্রে কুসুম শিকদার ‘ফাগুন এসেছে মনে’ নামে একটি টেলিফিল্মের শুটিং করছেন গাজীপুরের ভবানীপুর মাক্সভ্যালিতে। টেলিফিল্মটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার। রচনাও তার। এ টেলিফিল্মে কুসুম শিকদারের সঙ্গে অভিনয় করছেন চ্যানেল আই ফেয়ার এন্ড হ্যান্ডসাম বিজয়ী সাজ্জাদ, আরিয়ান, রীয়া, জাহাঙ্গীর খান, আবু সাঈদ খান, রাশেদা চৌধুরী, লিপিসহ অনেকেই। পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানান, ‘ফাগুন এসেছে মনে’ টেলিফিল্মটি আগামী ২৮ আগস্ট দুপুরের সংবাদের পর চ্যানেল আইতে প্রচার হবে। ০০০ এবার চিত্রনায়ক প্রিতম চিত্রনায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের। এরই মধ্যে প্রায় সবকিছু চূড়ান্ত। চলচ্চিত্রটির নাম ‘মহুয়া মঙ্গল’। নির্মাণ করবেন এ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী অন্যতম নারী নির্মাতা রওশন আরা নিপা। ময়মনসিংহ গীতিকার ‘মহুয়া সুন্দরী’ গল্পের ছায়া নিয়ে এটির চিত্রনাট্য তৈরি হয়েছে। আর তাতে বিদেশ ফেরত লোকসংস্কৃতি গবেষক চরিত্রে অভিনয় করবেন প্রীতম আহমেদ। নায়ক প্রীতমের বিপরীতে অভিনয় করছেন কোন নায়িকা? নির্মাতা নিপা বলেন, ‘নায়কের মতো নায়িকার বিষয়টি জানলেও আশা করি সবাই চমকে যাবেন। তবে সেই চমকটা এখনই প্রকাশ করতে চাই না।’