গল্প নয় সত্যি

ছুটির দিনে আলস্য মন্দ নয়!

যাদের দিন রাতই কাটে আরাম আয়েশে তাদের জন্য এই লেখা নয়। এমনকি যারা ছুটির দিনে বেশ শান্তি করে অনেকটা বেলা পর্যন্ত ঘুমান তারাও চাইলে এড়িয়ে যেতে পারেন এই লেখাটি। কিন্তু ছুটির দিনেও বৌয়ের তাড়া কিংবা অভিভাবকদের কারণ ছাড়া চাপাচাপিতে যারা অবসরেও দু’দণ্ড আলসেমি করতে পারেন না তারা কিন্তু চাইলেই এই লেখাটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। পরিবারের বড় কোনো প্রয়োজন ছাড়াও যদি কেউ আপনাকে ছুটির দিনে এটা সেটা বলে তাড়া দেন তাহলে তাকে সাফ জানিয়ে দিন, ছুটির দিনের আলস্য স্বাস্থ্যের জন্য ভালো। নাহ! কথাটা যে আপনাকে বাঁচাতে আমরা বানিয়ে বানিয়ে বলছি তা নয়, বরং দক্ষিণ কোরিয়ার একদল গবেষক রীতিমতো নিয়ম মেনে গবেষণা শেষ করেই জানিয়েছেন এই কথাটা। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমন্বয়ে গড়ে ওঠা এই গবেষক দলের দাবী, ছুটির দিনে এক ঘণ্টার বেশি ঘুম হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের অন্যতম কারণ যে উচ্চ রক্তচাপ সেই রক্তচাপের ঝুঁকি ৩৯ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম। যদিও যারা গোটা সপ্তাহে অনেক বেশি পরিশ্রম করেন এবং তুলনামূলক কম বিশ্রাম নেন এটি শুধু তাদের জন্যই প্রযোজ্য। আর আলোচিত এই গবেষণার ফলটি প্রকাশিত হয়েছে সি¬প নামের চিকিত্সা বিষয়ক একটি সাময়িকীর অনলাইন সংস্করণে। গবেষণার অংশ হিসেবে তারা ২ হাজার ৭৮২ জন প্রাপ্তবয়স্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখেন। এ সময় সপ্তাহের প্রতিদিন তারা কত সময় ঘুমান এ বিষয়ে তাদের প্রশ্ন করা হয় এবং এদের মধ্যে কারও উচ্চ রক্তচাপের সমস্যা আছে কি না তাও পরীক্ষা করে দেখা হয়। এতে দেখা যায়, যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে সাত থেকে নয় ঘণ্টা ঘুমান তাদের তুলনায় যারা ছয় ঘণ্টার কম ঘুমান তাদের উচ্চ রক্তচাচের প্রবণতা প্রায় ৭০ শতাংশ বেশি। তবে ছয় ঘণ্টার কম ঘুমানো এই ব্যক্তিরা যদি শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনটিতেও এক ঘণ্টা বেশি ঘুমান তাহলে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ কমে যায়। কাজেই, যাদের গোটা সপ্তাহটাই কাটে পরিশ্রমে এবং উচ্চ রক্তচাপ মোকাবেলায় ছুটির দিনে খানিকটা আলস্য দেখাবার পরামর্শই তাদেরকে দিয়েছেন এই গবেষকরা।