পেকুয়ায় বাবাকে হত্যার পর মেয়ে অপহরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে পিতাকে গুলি করে হত্যার পর বাড়ি থেকে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম ইয়ার মোহাম্মদ (৫৫)। এঘটনায় পুলিশ অভিযুক্ত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল আজিমের পিতা স্থানীয় ইউপি সদস্য গোলাম ছোবহানকে আটক করেছে। নিহতের স্ত্রী জান্নাত আরা বেগম জানান, সোমবার গভীর রাতে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বটতলীয়া পাড়া গ্রামে আবুল হাশেমের ছেলে নূরুল আজিমসহ ৫-৬ জনের বখাটে সন্ত্রাসী চক্র তার বাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় তারা তাদের মেয়েকে তুলে নেয়ার চেষ্টা করে। তার স্বামী বাধা দেয়ায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যার পর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। থানার ওসি মো. মঈন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গোলাম ছোবহান মেম্বারকে আটক করা হয়েছে। পাবনায় এক রাতে দুই খুন পাবনা প্রতিনিধি: এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাবনা সদর উপজেলায় সোমবার রাতে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। নিহত দুই যুবক হলেন- উপজেলার হিমাইতপুর গ্রামের মৃত আমির চাঁদের ছেলে লাল চাঁদ (২৩) ও আশুতোষপুর গ্রামের জাহের শেখের ছেলে আশরাফুল শেখ (২৮)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে হিমাইতপুর গ্রামে মুন্তাজ গ্রুপ ও রিদ্দিক গ্রুপের মধ্যে সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে লাল চাঁদ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকাল আটটার দিকে একটি পুকুরপাড়ে কচুরিপানার মধ্যে লাল চাঁদের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। অপরদিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আশুতোষপুর গ্রামের আশরাফুল ইসলামকে সোমবার রাতে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। হত্যায় জড়িত থাকার অভিযোগে সেকেন্দার আলী (৪৪) ও সেন্টু হোসেন (২৪) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার চট্টগ্রামে চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে নিহার নিগার নোভা (২০) নামে এক বেসরকারি মেডিক্যাল কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর ফয়েস লেকের নিজ বাসা থেকে ঐ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সে ইউএসটিসি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার খুটাখালী গ্রামে। এ ব্যাপারে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সিলেটে ছাত্রীর ঝুলন্ত লাশ সিলেট অফিস :সিলেট এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই)-এর ছাত্রী আকলিমা আক্তারের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটিআই-এর রোকেয়া হলের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। আকলিমা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পুলিশ জানায়, এটিআই-এর কৃষি ডিপ্লোমা কোর্সের ৩য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্রী আকলিমা তার ৩ সহপাঠীর সাথে হলের ৩০১নং কক্ষে থাকতেন। সকালে অন্য সহপাঠীরা পরীক্ষা দিতে গেলেও আকলিমা যায়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা ফিরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পীরগাছায় ছেলের কোদালের কোপে পিতা খুন পীরগাছা সংবাদদাতা : রংপুরের পীরগাছায় ছেলের কোদালের কোপে পিতা সাখাওয়াত হোসেন (৫০) খুন হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে এঘটনা ঘটে। ঘাতক ছেলে আশরাফুলকে এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করেছে। পুলিশ জানায়, সাখাওয়াত দ্বিতীয় বিয়ে করায় তার ছেলের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গৌরনদীতে গৃহবধূকে হত্যার অভিযোগ গৌরনদী (বরিশাল) সংবাদদাতা :দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদীতে স্বামী সৈয়দ নূর আলমের বিরুদ্ধে স্ত্রী সৈয়দা খাদিজা বেগমকে (৪০) হত্যার অভিযোগ করেছে নিহতের ভাই। পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের ভাই সৈয়দ নয়ন অভিযোগ করেন, বোন জামাতা আগৈলঝাড়া উপজেলা সমাজ সেবা অফিসের কর্মী সৈয়দ নূর আলম তার বোনের ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। রবিবার দুপুরে তার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পাঁচবিবিতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদাদতা:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাজরাপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের স্ত্রী হামিদা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার এক এসআই জানান, সোমবার রাতে তার বাড়ির বাইরে পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, বিধবা হামিদা বেওয়াকে ছেলে-মেয়েরা দেখাশুনা করতো না। অবহেলায় ও রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যা করতে পারে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছে।