ভাওয়াল জাতীয় উদ্যানে পর্যটকদের ভীড় বাড়ছে

নগর জীবনের ব্যস্ত ও একঘেয়ে ক্লান্তিকর জটিল ঘূর্ণাবর্তে আবদ্ধ জীবন থেকে বেশ খানিকটা দূরে কোলাহলমুক্ত, শান্ত, স্নিগ্ধ অপূর্ব নৈসর্গিক পরিবেশে কিছুটা সময় কাটাতে কার না মন চায়। বিস্তৃত বনরাজির ছায়াঘেরা স্নিগ্ধ-মধুর আবেষ্টনিতে, সাগর-সৈকতের মন-কেমন-করা আকর্ষণে, সুন্দরবনে গহীন অরণ্যে আর শৈলচূড়ার নির্জনতায় অনেকে দু’চার দিন হলেও বেড়াতে যান। কাটিয়ে আসেন হূদয়-মন আবেশ করা কয়েকটা দিন। কিন্তু সবার কি আর সে সুযোগ হয়! যারা এসব জায়গায় যেতে খুবই ইচ্ছুক অথচ সময়, অর্থ ও দূরত্ব বিবেচনা করে যেতে পারে না-ঢাকা ও আশেপাশের এসব লোকজনের জন্য রয়েছে চমত্কার একটি স্থান ‘ভাওয়াল জাতীয় উদ্যান”। রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার সুবিখ্যাত ভাওয়ালের বিস্তৃত গজারী বনরাজির একাংশ নিয়েই গড়ে উঠেছে ‘ভাওয়াল জাতীয় উদ্যান’। রাজধানী ঢাকা থেকে সোজাসুজি উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পথে টঙ্গী পেরিয়ে চান্দনা চৌরাস্তা, সেখান থেকে কিছুটা উত্তরে এগিয়ে গেলেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঠিক পাশেই এ উদ্যানের অবস্থান। গাছপালায় সুশোভিত বনাঞ্চলের বিস্তীর্ণ ছায়াতল। পায়ে হাঁটা সরু মেঠো পথ। দু’পাশে সারি সারি গজারী বীথির ফাঁক গলে ঝিরিঝিরি বয়ে যাওয়া স্নিগ্ধ বাতাসে শরীর-মন শীতল হয়ে আসে।