অবহেলিত জনপদ কাপাসিয়া

রাজধানী থেকে মাত্র ৬৫ কিলোমিটার উত্তরে এক অবহেলিত জনপদ ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কাপাসিয়া। বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জড়িয়ে আছে কাপাসিয়ার নাম। মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্মভূমি এ কাপাসিয়া। দেশের সর্বাধিক শিক্ষিত জনগোষ্ঠীর এ উপজেলায় এখনো অধিকাংশ মানুষ কৃষিজীবী। এখানে কোন শিল্প-কারখানা গড়ে ওঠেনি। নেই কোন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ। উপজেলায় নেই কোন গ্যাস সংযোগ। এখানকার এক-তৃতীয়াংশ এলাকায় অর্ধেকের বেশি মানুষের বিদ্যুত্ সংযোগ নেই। স্বাধীনতার পরে এখান থেকে ৪ জন মন্ত্রী হলেও এলাকার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে রাজধানীর পার্শ্ববর্তী প্রায় সাড়ে ৪ লাখ জন অধ্যুষিত সাড়ে তিন’শ বর্গ কিলোমিটারের এ জনপদটি সত্যিই আঁধারে ঘেরা। যেন প্রদীপের নিচে অন্ধকার। ভৌগোলিক অবস্থানের দিক থেকে কাপাসিয়ার উত্তরে শীতলক্ষ্যা নদীর ওপারে ময়মনসিংহের গফরগাঁও, পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এবং নরসিংদী জেলার মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলা অবস্থিত। শীতলক্ষ্যা নদী উপজেলাটি বিভক্ত করে রেখেছে দুই ভাগে। সদরে রয়েছে ৩টি এবং নদীর অপর পাড়ে রয়েছে ৮টি ইউনিয়ন। ২৩১টি গ্রামে মোট খানার সংখ্যা ৭০ হাজার ৪৬১টি। এর মধ্যে মাত্র ১৫৪টি গ্রামের মাত্র ৩২ হাজার গ্রাহককে বিদ্যুত্ সংযোগ দেয়া সম্ভব হয়েছে। বাকি ৭৭টি গ্রাম এবং ৩৮ হাজার ৪৬১টি খানায় এখনো বিদ্যুত্ পৌঁছায়নি। এছাড়া বারিষাব ইউনিয়নের কোন স্থানেই বিদ্যুত্ নেই। প্রতিটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার কথা থাকলেও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৪০টি। রেজিস্টার্ড ২৭টি ও ৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬টি কিন্ডারগার্টেন রয়েছে। উপজেলায় ৭৬টি উচ্চ বিদ্যালয়, ৬৫টি মাদ্রাসা ও ৯টি কলেজ রয়েছে। এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন, বিজ্ঞানাগার, নিজস্ব লাইব্রেরি সংকট প্রকট। কিন্তু এখানে একটিও সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি কলেজ নেই। গাজীপুর জেলার অন্য সব উপজেলা পৌরসভা হলেও বাদ পড়েছে এ জনপদটি। মাত্র ১৯৮ কিলোমিটার রাস্তা পাকা থাকলেও ৬৪৯ কিলোমিটার রাস্তাই এখনো কাঁচা রয়েছে। ইট বিছানো রাস্তা আছে ১৪ কিলোমিটার । অধিকাংশ পাকা রাস্তাই সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখানে ১৭৫টি নলকূপে আসেনিক ধরা পড়েছে। মাত্র ৪৮ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে।