রাজাবাড়ী সেতুর নির্মাণকাজ এক যুগেও শেষ হয়নি
এম এম ফারুক, শ্রীপুর সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২১:৫৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার পারুলী নদীর উপর সেতুর নির্মাণকাজ শেষ না করে অবশেষে তৃতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানও পালিয়ে গেছে। এ নিয়ে গত এক যুগে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ না করে চলে যায়। ফলে দীর্ঘ বারো বছরেও নির্মিত হয়নি শ্রীপুরের রাজাবাড়ী সেতু। দৈনন্দিন লাখো মানুষের অবর্ণনীয় ভোগান্তি হলেও সেতু নির্মাণে গরজ নেই কর্তৃপক্ষের। ভূমি অধিগ্রহণ না করেই বারবার নির্মাণকাজ শুরু করায় ক্ষতিগ্রস্থদের বাঁধার মুখে ফের বন্ধ হয়ে যায় সেতুর কাজ। আর খোদ গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম নিজেই সেতুর ভূমি অধিগ্রহণের ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজাবাড়ী সেতুর জন্য ভূমি অধিগ্রহণের বিষয়টি আমার জানা নেই।’ দীর্ঘ বারো বছরে সেতুর তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়নি। সেতুর ঢালাইয়ের নিচ থেকে এখানো মাচা (কাস্টিং) খোলা হয়নি।