১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস

আগামী ১৫ ডিসেম্বর ঐতিহাসিক গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বর্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে জেলা সদর গাজীপুর মুক্ত হয়েছিল। প্রতি বছরই ১৫ ই ডিসেম্বর এই দিনটি গাজীপুরবাসীর জন্য অত্যন্ত স্মরনীয় ও গর্বের দিন। তবে ঐ সময় এদিন সন্ধ্যা পর্যন্ত গাজীপুর -ঢাকা মহাসড়কের ছয়দানা নামক স্থানে ঢাকার দিকে পলায়নরত হানাদার বাহিনীর বিরাট একটি কনভয়ের উপর মিত্র ও মুক্তি বাহিনীর উপর্যুপরি প্রচন্ড গোলা বর্ষণ অব্যাহত থাকায় মুক্ত গাজীপুরে বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিততভাবে প্রবেশ করতে পারিনি। পরদিন ১৬ ই ডিসেম্বর খুব ভোরে বিজয়ীর বেশে মুক্তিযোদ্ধাদের দল গাজীপুরে প্রবেশ করে । অবশ্য বেশ কয়েকজন অকুতোভয় নির্ভিক মুক্তিযোদ্ধা ১৫ ডিসেম্বর রাতেই গাজীপুরে প্রবেশ করে । পাক বাহিনীর উপর গোলা বর্ষণ ১৫ই ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে । পাক বাহিনীর পর্যুদস্থ হবার ফলে এই দিন মূলতঃ গাজীপুর মুক্ত হয়। গাজীপুরের মানুষ এই দিনটি প্রথম বুক ভরে স্বাধীন বাংলাদেশে শ্বাস নেয়। প্রতি বছরই নানা কর্মসূচীর মাধ্যমে এই দিনটি পালন ও শহীদদের স্মরণ করা হয়ে থাকে।