স্টাফ বাসে আসন বরাদ্দ বাতিল করা হোক

আমরা বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত। প্রতিদিন ৬ নম্বর স্টাফ বাসে টোলারবাগ (পানির ট্যাংক সংলগ্ন) মিরপুর-১ থেকে অফিসে যাতায়াত করি। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১২-০৪-২০১২ তারিখের স্মারকের আদেশ অমান্য করে কিছু সুবিধাভোগী কর্মচারী তাদের নামে পছন্দ মতো বাসের আসন বরাদ্দ নিয়েছেন। ৬ নম্বর স্টাফ বাসে তারা কমিটি গঠন করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। তাদের পছন্দমতো তারা বাসের আসন বরাদ্দ দিয়ে থাকেন। টোলারবাগ থেকে সচিবালয়ে ৬ নম্বর স্টাফ বাসে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। যানজটের কারণে মাঝেমধ্যে আরও বেশি সময় লাগে। অনেকেই বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ। মহিলাসহ অনেকেই প্রতিদিন বাসে দাঁড়িয়ে যাওয়া আসার ফলে শারীরিক ও মানসিক দিক দিয়ে অসুস্থতায় ভুগছে। এদিকে বাসে আসন বরাদ্দ নিয়ে প্রতিদিন ঝগড়া ও হাতাহাতি হচ্ছে। এ অবস্থায়, ৬ নম্বর স্টাফ বাসের আজীবন নির্দিষ্ট আসন বরাদ্দ বাতিল এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ভুক্তভোগীগণ