দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০২
ঢাকা ইয়েস সম্মেলনে বক্তারা বলেছেন, দেশে গুণগত পরিবর্তন আনার জন্য তরুণ সমাজকেই আগে নিজেদের পরিবর্তনে কাজ করতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর সেই লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে চারিত্রিক দৃঢ়তা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শক্তি অর্জনের মধ্য দিয়ে। তাহলেই মুক্তিযুদ্ধের চেতনায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তরুণদের নিজেদের মধ্যে আগে দুর্নীতি বিরোধী বোধ জাগ্রত করতে হবে। সমাজকে বদলাতে গেলে আগে নিজেকে বদলাতে হবে। এ লক্ষ্যে দেশপ্রেম, চারিত্রিক মূল্যবোধ ও নৈতিকতায় উদ্বুদ্ধ হতে হবে। দেশের ইতিহাস-ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ২০০৪ সালের এইদিনে (২১শে আগস্ট) গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আইভী রহমানসহ অনেককে সেদিন প্রাণ দিতে হয়েছিল। এই হত্যাকারীরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার ও শাস্তির বিধান করতে হবে।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মূল প্রবন্ধ উপস্থাপনকালে তরুণদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতিটি জায়গা দুর্নীতিতে ছেয়ে গেছে। শুধু টাকা দিলে বা নিলেই দুর্নীতি হয় না, দুর্নীতি সকল কর্মকাণ্ডে জড়িত। পরীক্ষায় নকল করাও এক ধরনের দুর্নীতি। দুর্নীতি বিরোধী বোধ নিজের মধ্যেই জাগ্রত করতে হবে। শপথ নিতে হবে কোনদিন কোন দুর্নীতিতে অংশ নিবে না।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিআইবি’র উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের, টিআইবি’র আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান উল আলম।
উল্লেখ্য, তরুণদেরকে দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে টিআইবি’র গৃহীত একটি কর্মসূচি হলো ইয়েস গ্রুপ।