বিমানের হজ্ব ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর

আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ্ব-ফ্লাইট। এজন্য উড়োজাহাজ ভাড়া, স্লট ক্লিয়ারেন্স চূড়ান্ত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই টিকিট বিক্রি শুরু হবে। এবার প্রায় ৪৫ হাজার হজ্ব যাত্রী পরিবহনের জন্য একটি সুপরিসর বোয়িং ৭৪৭, একটি বোয়িং ৭৬৭ লিজ নেয়া হয়েছে। এছাড়াও বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর প্রস্তুত থাকবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ্ব-ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান সূত্র জানায়, হজ্ব যাত্রী বহনের জন্য ৫৮২ আসনের সুপার জাম্বোর পাশাপাশি দ্বিতীয় লিজ-হোল্ড বোয়িং-৭৬৭ সংগ্রহ করা হয়েছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর নির্ধারিত সংখ্যকের বাইরেও অতিরিক্ত হজ্ব যাত্রী পরিবহন করতে পারবে। হজ্ব যাত্রীদের নির্বিঘ্ন ও আরামদায়ক ‘আসা-যাওয়া’ নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঈদুল-আযহার সময় বিভিন্ন রুটে বাড়তি ফ্লাইটের প্রয়োজন মেটাতেও লিজে আনা উড়োজাহাজ কাজে লাগানো হবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হজ্ব কার্যক্রম চলবে। হজ্ব-ফ্লাইট পরিচালনার জন্য মোট ৯২টি ‘নিবেদিত’ এবং ২২টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৮৯ হাজার হজ্ব যাত্রী সৌদি আরবে যাবেন যার ৫০ শতাংশ বিমানে আসা-যাওয়া করবেন। বাকি ৫০ শতাংশ সাউদিয়া এবং নাস-এ হজ্ব পালনে সৌদি আরব যাবেন। বিমান এবছর হজ্ব যাত্রীদের মাথাপিছু ভাড়া নির্ধারণ করেছে ১৪৭৫ মার্কিন ডলার।