খোলা বাজারে চাল আটা বিক্রি আজ ফের শুরু

একদিকে পিঁয়াজের ঝাঁজ অন্যদিকে হঠাত্ করেই চালের দাম বাড়তি। ফলে ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে মানভেদে ২ টাকা পর্যন্ত বেড়েছে। যৌক্তিক কোন কারণ ছাড়াই হঠাত্ চালের দাম বৃদ্ধিতে সরকার উদ্বিগ্ন। ফলে বাজার নিয়ন্ত্রণে ও স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে সারাদেশে সব বিভাগীয় শহর ও শ্রমঘন এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে (ওএমএস) চাল বিক্রি শুরু করছে সরকার। এ প্রসঙ্গে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান গতকাল ইত্তেফাককে বলেন, হঠাত্ করে চালের দাম বাড়ায় ওএমএস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি শ্রমঘন এলাকা নরসিংদী, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে। চালের পাশাপাশি আটাও বিক্রি করা হবে। প্রতি কেজি চাল ২৫ টাকা ও আটা ২২ টাকা দরে বিক্রি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন চালের দাম বাড়ার কোন কারণ নেই। প্রয়োজনে সারাদেশেই ওএমএস চালু করা হবে বলে তিনি জানান।