মতলবে বাড়ছে শসার আবাদ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০৮
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাণিজ্যিকভাবে শসা আবাদ করে স্থানীয় কৃষকরা এবার সফল হয়েছে। হাইব্রিড জাতের এ সকল শসা স্থানীয় চাহিদা মিটিয়ে এবার যাচ্ছে রাজধানী ঢাকা, নারায়ণঞ্জসহ আশপাশের উপজেলাতে। উপজেলা কৃষি সম্প্রসার বিভাগের তথ্যমতে এবার উপজেলার ৪০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে আরো বেশি। এবারে স্থানীয় জাতের শসার আবাদ হয়েছে ৩০ হেক্টর আর পটিয়া জায়েন্ট জাতের শসার আবাদ হয়েছে ১০ হেক্টর জমিতে।
উপজেলার ছোট হলদিয়া, বড় হলদিয়া, সাদুল্যাপুর, ইমামপুর, ষাটনল, কালিপুর, ছেংগারচর অঞ্চলে এবার শসার আবাদ হয়েছে তুলনামূলকভাবে বেশি। উপজেলার ছেংগারচর অঞ্চলের শসা চাষি ওবায়েদুল জানান, তিনি গত রমজানেও শসার আবাদ করে লাভবান হয়েছেন। এবার আগের চেয়ে আরো বেশি জমিতে শসার আবাদ করেছেন। পোকার আক্রমণ থেকে রক্ষা এবং বাজারমূল্য ভালো থাকায় তিনি এবারেও বেশি লাভের আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আ. কাইয়ুম মজুমদার বলেন, এখনো জমিতে কোন ধরনের রোগবালাই আসেনি। ফলন ভালো হয়েছে এবং এই ধরনের শসা চাষে লাভবান হওয়ার কারণে কৃষকরা শসা চাষে আগ্রহী হচ্ছে।