শেরপুরে আমসত্ত্বায় নারীর জীবিকায়ন
তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:০৯
আমের মৌসুমে শিবগঞ্জ উপজেলার শেরপুর-ভাণ্ডার শ্যামপুর, দর্লভপুর, শিবগঞ্জ, মনাকষা ও পিঠালিতলাসহ বিভিন্ন গ্রামের নারীরা পাকা আম থেকে তৈরি করছে আমতা বা আমসত্তা। এ আমতা বিক্রি করে প্রতিদিন আয় করছে ৩’শ থেকে ৪’শ। জানা গেছে, আম কিনে আমতা তৈরি করতে হয় না। আম বাগান থেকে পাকা ফজলি বা আশ্বিনা আম কুড়িয়ে আমের পাল্প বড় বড় থালায় রুটির মত তৈরি করে প্রখর সূর্যের তাপে অথবা আগুনে শুকানো হয়। তবে আগুনের চেয়ে সূর্যের তাপে শুকানো আমতার মান ভাল। তৈরিকৃত আমতা নারীরা কানসাট বাজারে বিক্রি করে। সেখান থেকে আড়ত্দাররা প্রতি সপ্তাহে ২৫ থেকে ৩০ মণ আমতা ঢাকার কাওরান বাজারে বিক্রি করেন। ঢাকায় প্রতিমণ আমতা ১ হাজার ৫শ’ টাকা থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভারতে আমতা স্লাইস আকারে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে। তারা দামও ভাল পায় এবং আমতা তৈরিকারকরাও আর্থিকভাবে লাভবান হয়। আমতা ব্যবসায়ী তরিকুল, মমিন এবং হোসেন আলী জানান, বাংলাদেশ ক্ষদ্র কুটির শিল্প গ্রামের দরিদ্র নারীদের আমতা তৈরির প্রশিক্ষণ ব্যবস্থা করা হলে তারা আমতার গুণগতমান বজায় রেখে আমতা তৈরি করতে পারবেন এবং আর্থিকভাবে আরো বেশি লাভবান হতে পারবেন।