কাপাসিয়া ও কালীগঞ্জে নেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে গেলেও উক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন কার্যক্রম নেই। গত ৫ মাসে উল্লেখিত এলাকায় মাদক উদ্ধারে তাদের কোন অভিযান, মামলা বা গ্রেফতার নেই। জানা যায়, মাদকের প্রসার রোধে গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি কার্যালয় রয়েছে। এখানে একজন তত্ত্বাবধায়ক, একজন পরিদর্শকসহ মোট ৭ জন কর্মকর্তা/কর্মচারী কাজ করছেন। কিন্তু গত ৫ মাসে জেলার কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে তাদের কোন দৃশ্যমান কার্যক্রম নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় মাদকের সরবরাহ ও ব্যবহার আশংকাজনকহারে বেড়েছে। গত ৩ মাসে কাপাসিয়া থানা পুলিশ ১৭টি মামলা করেছে, ৩০ বোতল ফেনসিডিল, ৩৩ পিস ইয়াবা, ২১ লিটার চোলাই মদ, ১ কেজি ৯শ’ গ্রাম গাঁজা প্রভৃতি মাদকদ্রব্য উদ্ধার এবং ২৮ জনকে গ্রেফতার করে। একই সময়ে কালীগঞ্জ থানা পুলিশও ২২টি মামলা, ১০৯ বোতল ফেনসিডিল, ১২৮ পিস ইয়াবা, ৫২ লিটার চোলাই মদ, প্রায় সাড়ে ৪ কেজি বিয়ার ৪টা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার এবং ৩০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রাজিউর রহমান এ প্রসঙ্গে বলেন, জেলার অন্যান্য এলাকার তুলনায় কাপাসিয়া ও কালীগঞ্জে মাদকের প্রবণতা কম, তাই সেখানে আমাদের কার্যক্রম কম ছিলো। খুব তাড়াতাড়ি আমরা অভিযানে নামবো।