প্র্যাকটিস ম্যাচ খেলায় জোর দিলেন মাহমুদুল্লাহ
প্রকাশ : ২১ আগস্ট ২০১৩, ২২:২৪
শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সফরের পর ক্রিকেটের মধ্যে ছিলেন না জাতীয় দলের ক্রিকেটাররা। তাই শঙ্কা ছিল ফিটনেস ঘাটতির। তবে সাম্প্রতিক সময়ে খেলোয়াড়রা আবার ফিটনেস ট্রেনিংয়ে ফেরায় সেই শঙ্কা কাটিয়ে এখন অক্টোবরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অনুশীলন ম্যাচের জন্য মুখিয়ে আছেন। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এমনটাই জানালেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এ ব্যাপারে প্রধান নির্বাচক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন আগামী মাসে অনুষ্ঠেয় ঢাকা প্রিমিয়ার লিগ হতে পারে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য আদর্শ। যদি শেষ পর্যন্ত লিগটি শুরু না হয় সেক্ষেত্রে ক্রিকেটারদের জন্য প্রস্ততি ম্যাচের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
আগামী তিন সেপ্টেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবার কথা। এর আগে ২৫ আগস্ট হবে খেলোয়াড়দের দলবদল। অবশ্য লিগটি নিয়ে সাম্প্রতিক গড়িমসির কথা বিবেচনায় এটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় আছে ক্রিকেটাঙ্গনে।
অপরদিকে ঈদের ছুটির পরই আকসুর রিপোর্ট আর নির্বাচনী দামামা মিলিয়ে ক্রিকেটই যেন হারিয়ে যেতে বসেছিল। ঈদের ছুটির পর আবারো ফিটনেস ক্যাম্প শুরু হওয়ায় ক্রিকেটাঙ্গনে স্বস্তির বাতাস বইতে শুরু করে। মিরপুরের ইনডোরে এখন শোনা যায় ব্যাট-বলের ঝংকার। জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের তত্ত্বাবধানে গত রবিবার শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন ১২ জন ক্রিকেটার।
এই ক্যাম্পে এখন চলছে স্কিল ট্রেনিং। ফিটনেস ক্যাম্প কেমন চলছে জানতে চাইলে মাহমুদুউল্লাহ বলেন, ‘ফিটনেস ক্যাম্পে অংশ নিয়ে সকলেরই অনেক উপকার হয়েছে। যারা মুটিয়ে গিয়েছিল তাদের জন্য তো বেশি উপকার হয়েছে। বিশেষ করে মাশরাফি ভাইয়ের জন্য এটা অনেক কাজে এসেছে। উনি তো এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন।’
ফিটনেস সমস্যা কাটিয়ে ওঠার পর এবার প্রস্তুতি ম্যাচ প্রয়োজন বলে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। রমজান মাসে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচে অংশ নেন ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ড সিরিজের আগে আরো কিছু অনুশীলনমূলক ম্যাচ খেলার প্রয়োজনবোধ করছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এ জন্য আপাতত আসন্ন প্রিমিয়ার লিগকেই ভরসা মানছেন তিনি, ‘আমাদের আরো প্র্যাকটিস ম্যাচ খেলা প্রয়োজন। প্রিমিয়ার লিগ খেলারও প্রয়োজন রয়েছে। এটা সবার জন্যই খুব বেশি দরকার। নিউজিল্যান্ড সিরিজের আগে ৩-৪ দিনের ম্যাচ খেলা উচিত। সব ঠিকঠাক থাকলে আশা করছি সিরিজ অনেক ভালো হবে।’
প্রধান নির্বাচক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানও আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকেই খেলোয়াড়দের প্রস্তুতির জন্য আদর্শ বলে মনে করছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ সময় মতো অনুষ্ঠিত হলে সেটা খেলোয়াড়দের জন্য ভাল একটা প্রস্তুতির সুযোগ করে দেবে। কিন্তু সময়মতো লিগ না হলে সেক্ষেত্রে আমরা ক্রিকেটারদের জন্য প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করব।’
জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনও মানছেন প্রস্তুতি ম্যাচের গুরুত্বের কথা। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ খেলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর অভাবেই ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে পারছে না ‘এ’ দল।’
শেষবার দেশের মাটিতে নিউজিল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল বাংলাদেশ। সেই স্মৃতি মনে রেখেই বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘আমার লক্ষ্য ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করা। এ লক্ষ্যেই কাজ করছি আমি।’
দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানালেন মাহমুদুল্লাহ। জানালেন দ্রুতই ব্যাটিংয়ে উন্নতি করতে চান তিনি, ‘এখন আমি ব্যাটিংয়ের উপর বেশি জোর দিয়েছি। কেননা, শেষ তিন-চার টেস্টে আমি খুব একটা ভালো করতে পারিনি। ব্যাটিং কোচ কোরি রিচার্ডস এখন ইংল্যান্ডে। আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি। ওনার পরামর্শ অনুযায়ী এখন কাজ করছি।’